Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শেখ হাসিনার সঙ্গে ১৭ বছরে যারা পদে ছিলেন, সবাই পালিয়েছেন: স্পিকার

শেখ হাসিনার সঙ্গে ১৭ বছরে যারা পদে ছিলেন, সবাই পালিয়েছেন: স্পিকার

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর সঙ্গে দেশের বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, গত ১৭ বছরে বিভিন্ন পদে থাকা সবাই পালিয়ে গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্যান্টনমেন্টে ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন। তাঁর অভিযোগ, গত ১৭ বছর পুলিশ অত্যাচার-নিপীড়ন করেছে এবং আওয়ামী লীগ সরকারকে খুশি করা ও নিজেদের অর্থ উপার্জনের জন্য কাজ করেছে।

তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে ধরে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ দখলের অভিযোগ করেন। হাফিজ উদ্দিন আহমদের দাবি, বেনজীর আহমেদ স্ত্রী, পুত্র ও কন্যার নামে দেশের বিভিন্ন জায়গা-জমি লিখে নিয়েছেন এবং বনাঞ্চল দখলে নিয়েছেন।

স্পিকার বলেন, পবিত্র ধর্মগ্রন্থে সীমালঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে এবং সীমালঙ্ঘনকারীর শাস্তি ভয়াবহ। তাঁর বক্তব্য, যারা ধরা পড়ছেন তারা পড়ছেন, আর যারা পারছেন তারা পালিয়ে গেছেন। তাদের ইহকাল ও পরকালে শাস্তি হবে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে সাতবার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী ছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram