অনলাইন ডেস্ক: ইংল্যান্ড সফরে হঠাৎ করেই ডাক পান রাজাউল্লাহ। এজবাস্টনে হয়ে গেল অভিষেকও। পাকিস্তানের এই পেসার বল হাতে চার উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকঠাক করেছেন। এখানেই শেষ নয়, ব্যাটিংয়েও নবম উইকেটে ১২১ রানের জুটি গড়ার পথে অভিষেকে ছক্কার রেকর্ড ভেঙেছেন তিনি।
স্বাভাবিকভাবেই রাজাউল্লাহ এখন গণমাধ্যমে আলোচিত নাম। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গল্পও ছড়িয়েছে। এর মধ্যে দাবি করা হয়, যুক্তরাজ্যে যাওয়ার এক সপ্তাহ আগে তার পাসপোর্ট তৈরি করা হয়েছিল।
গুঞ্জন অনুযায়ী, নির্বাচকেরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করার সময় তিনি গ্রামে ছিলেন এবং তার ফোন বন্ধ পাওয়া যায়। সময়ের স্বল্পতায় এক কোচকে তার সন্ধানে পার্বত্য গ্রামে পাঠানো হয় বলেও বলা হচ্ছে। পরে তাকে খুঁজে পাওয়া গেলে ইংল্যান্ডে পাঠানোর কথা জানানো হয়। এরপর জরুরি ভিত্তিতে পাসপোর্টের ব্যবস্থা করে দ্রুত ইংলিশ ভিসা নিয়ে তাকে বিমানে তোলা হয় এবং তিনি একাদশেও জায়গা পান—এমন গল্প ছড়ায়।
রাজাউল্লাহ অবশ্য নিজের টেস্ট অভিষেকেই চতুর্থ বলে জো রুটকে আউট করে আলোচনায় আসেন। পাসপোর্ট নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘ভুয়া’ উল্লেখ করে ২১ বছর বয়সী এই পেসার বলেন, তার পাসপোর্ট এক বছর আগেই করা হয়েছিল।

