অনলাইন ডেস্ক: তিন দশকেরও বেশি সময় ধরে হয়ে আসা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। নানা পরিবর্তন ও চমকের এই আয়োজনে এবার যুক্ত হচ্ছে ‘উত্তম পুরস্কার’.
মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার নানা আয়োজন করছে। এর অংশ হিসেবে কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ এই পুরস্কার দেওয়া হবে। তবে কোন বিভাগে পুরস্কারটি রাখা হবে, তা এখনো জানানো হয়নি।
এবারের কলকাতা উৎসবের কমিটির চেয়ারম্যান থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে তারা জানান, এবারের আয়োজনে উৎসবের লোগোও পরিবর্তন করা হচ্ছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা উৎসবের এবারের আয়োজনের পরিকল্পনা হবে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে। শুক্রবারের বৈঠকে প্রসেনজিৎ, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, হরনাথ চক্রবর্তী ও প্রেমেন্দুবিকাশ চাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
১০ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৩ ডিসেম্বর। সমাপনী দিনেই বিভিন্ন বিভাগের পুরস্কার দেওয়া হবে।
এর আগে কলকাতা উৎসবের সর্বশেষ আসরে চেয়ারম্যান ছিলেন নির্মাতা-অভিনেতা গৌতম ঘোষ।

