অনলাইন ডেস্ক: রংপুরে সারাদেশের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিটি করপোরেশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ সেনাবাহিনী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে জেলা পর্যায়ের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। তবে এ বিষয়ে নগরবাসীকেও সচেতন হতে হবে। ডাবের খোসা, টায়ার, ফুলের টবসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি বাড়ি, অফিস-আদালতের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করতে বলেন।
অভিযানের অংশ হিসেবে সুরভি উদ্যানে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার, মশক নিধনে ধোঁয়া ও স্প্রে এবং আগাছা পরিষ্কার করা হয়। সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আগামী তিন মাস ১০০ জন পরিচ্ছন্নতাকর্মী এ অভিযানে কাজ করবেন।

