অনলাইন ডেস্ক: আরেকটি এশিয়া কাপ এবং ঘুরে ফিরে একই ব্যর্থতার গল্প। বাংলাদেশ নারী দলের জন্য এই ছক যেন চিরায়ত হয়ে উঠেছে। এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই দলের ব্যাটিং অর্ডার ব্যর্থ হয়েছে। হতাশাজনক টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফও সমালোচনার মুখে পড়েছেন।
টুর্নামেন্ট শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাতে জানা যায়, নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। চলতি মাসে একই দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এরপর দলের দায়িত্বে আসবেন নতুন প্রধান কোচ।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে দেশি কোচ সারোয়ার ইমরান নারী দলের দায়িত্বে রয়েছেন।
তবে হেম্পের সঙ্গে এখনো বিসিবির আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে জানা গেছে। প্রাথমিকভাবে তার সঙ্গে দুই বছরের চুক্তি হতে পারে। আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছেন ডেভিড হেম্প। জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

