অনলাইন ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে জলপাইয়ের প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ডেকে নিয়ে বলাৎকারচেষ্টা ও হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম রাজন মিয়া (৭)। সে ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। অভিযুক্ত কিশোর তহসিন হৃদয় (১৪) একই এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, সকালে জলপাই কুড়িয়ে আনার কথা বলে রাজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তহসিন। পরে নিজের ঘরে নিয়ে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় রাজন চিৎকার করলে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
অভিযোগ রয়েছে, পরে মরদেহটি বাড়ির পাশের জঙ্গলের ভেতরে বাথরুমের কাছে রেখে দেওয়া হয়। পরিবারের সদস্যরা রাজনের খোঁজ শুরু করলে চাপের মুখে তহসিন মরদেহের অবস্থান জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
অভিযুক্তের মা মিনা আক্তার জানান, তিনি আশ্রয়ণ প্রকল্পে মায়ের বাড়িতে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে ঘটনাটি দেখতে পান। পরে পুলিশ তাকে ও তার ছেলেকে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

