Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জয়পুরহাট হাসপাতালে শনিবার থেকে সন্ধ্যায় দ্বিতীয় দফা চিকিৎসকদের রাউন্ড

জয়পুরহাট হাসপাতালে শনিবার থেকে সন্ধ্যায় দ্বিতীয় দফা চিকিৎসকদের রাউন্ড

অনলাইন ডেস্ক: জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আগামী শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যায় দ্বিতীয় দফায় ওয়ার্ডে রাউন্ড দিয়ে রোগীদের চিকিৎসা দেবেন চিকিৎসকরা। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে নার্সদের সদাচরণ নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই না করে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান হাসপাতালের সদ্য দায়িত্ব পাওয়া আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী। সভায় হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।

আরএমও জানান, আগামী শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে ওয়ার্ডে দ্বিতীয় দফা বিশেষ রাউন্ড দেওয়া হবে। এতে দুপুরের পর ভর্তি হওয়া সংকটাপন্ন রোগীরা দ্রুত চিকিৎসকের সেবা পাবেন।

তিনি বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নয়। এখানে বিশেষায়িত ইউনিট ও বিশেষজ্ঞ বিভাগের অনুমোদন বা অবকাঠামো নেই। চিকিৎসক ও জনবল সংকটের মধ্যেই সীমিত জনবল দিয়ে প্রতিদিন শত শত রোগীকে সেবা দিতে হচ্ছে।

হাসপাতাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও ভিডিও যাচাই না করে প্রচার না করার আহ্বান জানান ডা. আশিক আহমদ জেবাল। তার ভাষ্য, কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের পর গঠনমূলক সমালোচনা বা প্রতিবেদন করলে আপত্তি নেই।

নার্সদের আচরণ নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের রোগী ও স্বজনদের সঙ্গে সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট কোনো নার্স বা কর্মীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, হাসপাতালে বর্তমানে ১৫০ শয্যার জনবল দিয়ে প্রতিদিন প্রায় ৭০০ জন ভর্তি রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকসহ সচেতন মহলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ চাওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram