অনলাইন ডেস্ক: ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত এক গোলে সিটির কাছে হেরেছিল ইউনাইটেড। এবার কারাবাও কাপ থেকে তারা ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে ছিটকে গেছে। দুই গোলে এগিয়ে থাকার পরও ম্যানচেস্টার ইউনাইটেডের এমন হারে ওল্ড ট্রাফোর্ডে নিজেদের সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে।
একের পর এক হারে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়ল। ইংলিশ প্রিমিয়ার লিগেও চার ম্যাচে একটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে রয়েছে তার দল। তিন দিন আগে ১০ জনের ম্যানচেস্টার সিটির কাছে বিতর্কিত হারের পর ঘরের মাঠে ফিরেও হারের বৃত্ত ভাঙতে পারেনি রেড ডেভিলরা। নিজেদের ভুলেই ম্যাচটি হাতছাড়া করেছে তারা।
প্রিমিয়ার লিগ যুগে, অর্থাৎ ১৯৯২-৯৩ মৌসুম থেকে, সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে দুই গোলের লিড নিয়েও এই প্রথম কোনো ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ বছর আগে ১৯৭৬ সালে টটেনহ্যামের কাছে ৩-২ গোলে হারের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল।
ব্রাইটনের বিপক্ষে অবশ্য স্বপ্নের শুরু করেছিল ইউনাইটেড। একাডেমির খেলোয়াড় শিয়া লেসি প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করেন। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসন মাউন্ট।
এরপর ব্রাইটনকে ম্যাচে ফেরার সুযোগ দেয় ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে চারালামপোস কোস্তুলাস গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে ব্রাইটনের আক্রমণের সামনে কোনো জবাব খুঁজে পায়নি ক্যারিকের দল। পাসকাল গ্রস গোল করে সমতা ফেরানোর পর বদলি ম্যাক্সিম দে কুইপার ব্রাইটনকে এগিয়ে দেন। ওই গোলের পর ওল্ড ট্রাফোর্ডজুড়ে তীব্র দুয়ো শুরু হয়।
শেষ বাঁশির পর সমর্থকদের ক্ষোভ আরও বেড়ে যায়। গত মৌসুমে গ্রিমসবির কাছে হারের পর এবারও কারাবাও কাপে বিব্রতকর বিদায়ের মুখে পড়ল ইউনাইটেড।

