Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল না দেখেই চলে গেলেন প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল না দেখেই চলে গেলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরিদর্শনে এসে দুর্ঘটনাস্থল না দেখেই হাসপাতাল ত্যাগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন। এ সময় ঘটনার মুখোমুখি হওয়া মানুষের সঙ্গেও কথা বলেননি তিনি।

প্রতিমন্ত্রীর দপ্তরের সফরসূচি অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় হাসপাতালে উপস্থিতি ও পরিদর্শনের কথা ছিল। তবে তাঁর গাড়িবহর হাসপাতালে পৌঁছায় দুপুর ১১টা ১০ মিনিটে।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম ও চিকিৎসক নেতারা প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নিয়ে যান। অসুস্থতার কারণে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহা. জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন না। সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, হাসপাতাল প্রশাসন এবং চিকিৎসক নেতারা বৈঠকে ছিলেন।

রুদ্ধদ্বার বৈঠক শেষে দুপুর ১২টা ২২ মিনিটে বের হন প্রতিমন্ত্রী। তিনি জানান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি পদদলিত হয়ে মৃত্যুর বিষয়টি অস্বীকার করে বলেন, আগুনের আতঙ্কে অসুস্থ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়; তাঁদের মধ্যে একজন এখনো চিকিৎসাধীন। তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যু এবং দুজনের আগুনের আতঙ্কে মৃত্যু হয়েছে।

পরিবারের পক্ষ থেকে পদদলিত হয়ে মৃত্যুর দাবি করা হচ্ছে—এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফল পাওয়ার পর এ বিষয়ে উত্তর দেওয়া যাবে।

হাসপাতালে রোগীর চাপ এবং বিভিন্ন মেশিন নষ্ট থাকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। এ বিষয়ে প্রকৌশলীদের প্রয়োজনীয় পরিকল্পনা করতে বলা হয়েছে এবং পরে বড় সভা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram