অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটির ৫০ বছরের বসতি, সংগ্রাম ও পথচলার ইতিহাস নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব স্ট্রাগল অ্যান্ড স্ট্রাইডস’ গ্রন্থ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাওয়ার হ্যামলেটস টাউন হলের একটি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এন ইস্ট অ্যান্ড কানেকশন পাবলিকেশনের উদ্যোগে এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের অর্থায়নে প্রকাশিত বইটিতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন ও বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও সিভিক মেয়র সয়ফুল আলম। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বেথনাল গ্রিনের ব্যারনেস মঞ্জিলা উদ্দিন। আলোচনায় অংশ নেন সাবেক কাউন্সিলর বদরুল আলম, সাবেক কাউন্সিলর ও ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন, গ্রন্থকার আহমদ উল্লাহসহ বিশিষ্টজনেরা।
উৎসবে ১৯৭৮ সালের বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতাদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটির বসতি স্থাপন, প্রতিকূলতা মোকাবিলা, সামাজিক আন্দোলন ও অগ্রযাত্রার বিভিন্ন দিক উঠে আসে।
বক্তারা বলেন, প্রবাসী বাঙালি কমিউনিটির ইতিহাস সংরক্ষণে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের কাছে পূর্ব লন্ডনে বাঙালিদের বসতি, সংগ্রাম ও অর্জনের ইতিহাস তুলে ধরতেও বইটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজে আসবে।
গ্রন্থটিতে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ ঘটনা এবং কমিউনিটির সংগ্রামের নানা অধ্যায় স্থান পেয়েছে। লেখকের একটি সাক্ষাৎকারও এতে প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের লেখক, গবেষক ও ইতিহাসচর্চায় আগ্রহীদের প্রবাসী বাঙালির ইতিহাস নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।

