অনলাইন ডেস্ক: কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে বের হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির প্রায় পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপি সমর্থকদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের এক নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। এতে বিএনপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হন বলে তারা জানান।
বিএনপি নেতাকর্মীরা বলেন, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের মিছিল করার ঘটনায় কুষ্টিয়ার ইবি থানায় একটি নাশকতা মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকে আসামি হন। ওই মামলায় জামিন পাওয়ার পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এলাকায় মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান বলে তাদের অভিযোগ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

