অনলাইন ডেস্ক: বাংলাদেশের পেসার হাসান মাহমুদ জাতীয় দলের দায়িত্ব পালনে কেন্টকে বিদায় বলেছেন। তার অনুপস্থিতিতে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ জ্বলে উঠলেন।
ইংল্যান্ডের কেন্টারবুরিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে অলআউট করেছে কেন্ট। ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং নেওয়া কেন্টের হয়ে প্রথম স্পেলেই দারুণ শুরু করেন খালেদ। টানা তিন ওভার মেডেন দেওয়ার পর ৩০ রানে কিটন জেনিংসকে আউট করে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।
পরের ওভারেই রকি ফ্লিন্টফকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার। একই সময়ে ম্যাট মিলনেসও কার্যকর বোলিং করেন। ৮২ রানে চার উইকেট হারায় ল্যাঙ্কাশায়ার।
এরপর ম্যাটি হার্স্টকে ৩৭ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন খালেদ। পরে টানা দুই বলে মিছেল স্ট্যানলি ও ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
খালেদ ১৫.৫ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। তার বোলিংয়ে ছিল চারটি মেডেন। কেন্টের হয়ে মিলনেসও ভালো করেছেন; ৫০ রান দিয়ে তিনি নিয়েছেন চার উইকেট।

