Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সাদেক বাচ্চুকে হারানোর ষষ্ঠ প্রয়াণ দিবস আজ

সাদেক বাচ্চুকে হারানোর ষষ্ঠ প্রয়াণ দিবস আজ

অনলাইন ডেস্ক: ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কী স্বাদ আছে বলো’—আবু জাফরের কথা ও সুরে ফরিদা পারভীনের কালজয়ী গান। অভিনেতার কাছে অভিনয়ও এক ধরনের প্রেম, যে প্রেম শিল্পীরা জীবনভর বুকে আগলে রাখেন। তবে সাদেক বাচ্চুর মতো অভিনেতার ক্ষেত্রে সেই অভিনয়ের সঙ্গে নিন্দাও জুটেছিল; আর সেই নিন্দা ছিল দর্শকের ভালোবাসারই আরেক রূপ।

মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই কাজ করেছেন সাদেক বাচ্চু। তবে সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্যই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও সাফল্য পান। দর্শক তাকে বাস্তব জীবনেও চরিত্রের মতো মনে করে কখনো নিন্দা করেছে, আবার ভালোবেসেছেও। ‘রাজাকার’ চরিত্রে অভিনয়ের কারণে একবার দর্শকের বাদামের খোসা ও পাথর ছোড়ার ঘটনাও ঘটেছিল।

গুণী এই অভিনেতার আজ ষষ্ঠ প্রয়াণ দিবস। ২০২০ সালের এই দিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

অভিনয়জীবনের শুরু

সাদেক বাচ্চুর জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি ঢাকায়। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। তার আসল নাম মাহবুব আহমেদ। ১৫ বছর বয়সে বাংলাদেশ ডাক বিভাগে চাকরিজীবন শুরু করেন এবং ২০১৩ সালে অবসর নেন। চাকরির পাশাপাশি তিনি নিয়মিত অভিনয় করে গেছেন।

ষাটের দশকে অভিনয়ে যাত্রা শুরু করা সাদেক বাচ্চু ১৯৭২ সালের দিকে ‘গণনাট্য পরিষদ’ থিয়েটারে যুক্ত হন। সেখানে অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনাও দিয়েছেন।

১৯৮৫ সালে ‘রামের সুমতি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতে নায়কের ভূমিকায় অভিনয় করলেও পরে খল চরিত্রে মনোযোগ দেন। ‘চাঁদনী’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

সাদেক বাচ্চু অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবন নদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’ ও ‘সুজন সখী’।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram