Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হালান্ডের জয়সূচক গোলটি বাতিল করা উচিত ছিল: প্রো রেফ

হালান্ডের জয়সূচক গোলটি বাতিল করা উচিত ছিল: প্রো রেফ

অনলাইন ডেস্ক: ম্যানচেস্টার ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র একটি গোল হলো, সেটিও বিতর্কিত ছিল। আর্লিং হালান্ডের গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও সেই সিদ্ধান্ত বদলে যায়। এবার রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালসের (প্রো রেফ) পাঠানো বার্তায় ম্যানইউকে জানানো হলো, নরওয়েজিয়ান স্ট্রাইকারের ওই গোলটি বাতিল করা উচিত ছিল।

খেলার এক ঘণ্টার মাথায় জোসকো জিভার্দিওলের দিক পরিবর্তিত ক্রস থেকে পেছনের পোস্টে ফিনিশিংয়ে গোল করেন হালান্ড। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর তা বহাল রাখা হয়। পর্যালোচনায় দেখা যায়, প্যাট্রিক ডোরগুর বাড়িয়ে দেওয়া পায়ের কারণে হালান্ড অল্পের জন্য অনসাইডে ছিলেন। অফসাইডে থাকা এঞ্জো ফার্নান্দেস ডাইভিং হেড করার চেষ্টা করলেও বল স্পর্শ করেননি।

প্রিমিয়ার লিগের অফিসিয়াল ব্যাখ্যায় বলা হয়েছিল, ভিএআর পর্যালোচনায় হালান্ডকে বৈধ অবস্থানে পাওয়া গেছে এবং ফার্নান্দেস বল না খেলায় গোলটি দেওয়ার সুপারিশ করা হয়।

তবে কয়েক ঘণ্টা পর হাওয়ার্ড ওয়েবের নেতৃত্বাধীন প্রো রেফ জানায়, ফার্নান্দেসের হস্তক্ষেপ ম্যানইউর রক্ষণকে প্রভাবিত করেছে। সংগঠনটির মতে, এ ক্ষেত্রে ভিএআরের উচিত ছিল মাঠের রেফারিকে সিদ্ধান্তটি পর্যালোচনার সুপারিশ করা।

প্রো রেফের এক মুখপাত্রের ভাষ্য, ভিএআর ফার্নান্দেসের অবস্থানের প্রভাব অনুধাবন করতে পারেনি। ম্যানইউর সঙ্গে যোগাযোগ করে বিষয়টিকে বিচার-বিবেচনার ভুল হিসেবে স্বীকার করা হয়েছে এবং ঘটনাটি পর্যালোচনা করা হবে।

এদিকে রেফারিং বিষয়ে বিশেষজ্ঞ স্প্যানিশ আউটলেট ‘আরকিভো ভিএআর’ গোলটি দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram