অনলাইন ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় চলন্ত ফেরি থেকে পড়ে কচা নদীতে বাবুল মাঝি (৩৫) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কচা নদীর টগরা ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে তিনি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের অংশের রেলিংয়ের ওপর বসে ছিলেন। পড়ে যাওয়ার পর প্রবল স্রোতে দ্রুত ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।
খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের অফিসার আব্দুস সোবহান বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সোমবার বরিশাল থেকে ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করবে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাবুলের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

