অনলাইন ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে হারানো হলে দল তা গ্রহণ করবে না। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কোনো নেতার প্রতি ব্যক্তিগত পছন্দ থাকলেও দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে হারানো দল মেনে নেবে না।
মনোনয়ন পাওয়া প্রার্থীর দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মনোনয়ন পাওয়ার পর নিজেকেই সবকিছু মনে করা এবং অন্যদের গুরুত্ব না দেওয়া দল গ্রহণ করবে না বলেও জানান তিনি।
নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার সময় শালীনতা বজায় রাখার আহ্বান জানান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কথা বলার সুযোগ পাওয়া মানে অন্যকে গালিগালাজ করে কথা বলা নয়। দলকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, বক্তব্য দেওয়ার সময় তা বিবেচনায় রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে সাতক্ষীরায় পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ নেতারা আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে আইনমন্ত্রীর। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এ ছাড়া বিকেল ৩টায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করার কথা রয়েছে।

