Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১৫ লাখ টাকা হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

১৫ লাখ টাকা হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

অনলাইন ডেস্ক: অনলাইনে জুয়া খেলে প্রায় ১৫ লাখ টাকা হারানোর পর খাগড়াছড়ির রামগড়ের যুবক মো. সজিব (২৫) প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। এতে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে সংসারের আর্থিক ভিত্তি ভেঙে পড়েছে বলে জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সজিব রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন সজিব। এ সময় তিনি জানান, অনলাইনে জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়েছে। জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে বর্তমানে তিনি নিঃস্ব বলেও দাবি করেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন সজিব। জুয়ার পেছনে অর্থ ব্যয় করতে করতে তার সঞ্চয় ও সম্পদ শেষ হয়ে যায়। একপর্যায়ে তিনি আর্থিক সংকটে পড়েন।

পরে নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে পুরোপুরি সরে আসার প্রতিজ্ঞা করেন তিনি।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে সজিব সব হারিয়েছেন। ভুল বুঝতে পেরে তিনি এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছেন। সত্যিই জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারলে তা তার, তার পরিবার ও এলাকার জন্য ভালো হবে।

প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়। তিনি যেন প্রতিজ্ঞায় অটুট থেকে ভালো পথে থাকেন, সেটিই প্রত্যাশা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, সরাসরি হোক কিংবা অনলাইনে—জুয়া সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে। জনসচেতনতা তৈরিতে মাদক ও জুয়া বিরোধী প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram