Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১৫ মিনিটে হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে রোনালদো

১৫ মিনিটে হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে রোনালদো

অনলাইন ডেস্ক: পেশাদার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ১০০০ গোল করার নতুন লক্ষ্য স্থির করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝের গড়পড়তা পারফরম্যান্স ও জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া নিয়ে বিতর্কের পর আল নাসরে ফিরে নিয়মিত গোলের ধারায় আছেন তিনি। এবার স্রেফ ১৫ মিনিটেই হ্যাটট্রিক করলেন সিআরসেভেন।

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রিয়াদের আল-আউয়াল পার্কে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলে জেতে আল নাসর। এই ম্যাচে তিন গোল করে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। ১০০০ গোলের মাইলফলক থেকে এখন ১৫ গোল দূরে তিনি।

ম্যাচের ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেজের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতায় ফেরে দলটি। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে এগিয়েও যায় তারা। তবে বিরতির আগে ইনজুরি সময়ে অ্যান্তোইন আসোম্বা আল খুলুদকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে আল নাসর দাপট দেখায়। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ডি-বক্সের কাছে সতীর্থের বাড়ানো পাস থেকে দুটি গোল করেন তিনি, অন্যটি আসে ক্রস থেকে হেডে। আল নাসরের জার্সিতে এটি তার সপ্তম হ্যাটট্রিক।

সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ৪৪টি, পর্তুগাল জাতীয় দলে ১০টি, আল নাসরে ৭টি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাটট্রিক ৬২টি।

ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে আরেক গোল করে ব্যবধান কমান ডমিঙ্গেজ। রোনালদোর পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৮৫, আর মেসির ৯৩৬। ফলে দুই তারকার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪৯ গোলে।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘দারুণ জয়, দলের দুর্দান্ত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে অবদান রাখতে পেরে আনন্দিত!’

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram