Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অর্থাভাবে আটকে যাচ্ছিল চিকিৎসা, সরকারি হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার

অর্থাভাবে আটকে যাচ্ছিল চিকিৎসা, সরকারি হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক: ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছিল ১৬ বছরের কিশোর ইকরামুল মোল্লা। এক মাস ওষুধ খেয়েও ব্যথা না কমায় চিকিৎসার জন্য আসে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সুস্থ হতে অস্ত্রোপচার প্রয়োজন। বেসরকারি ক্লিনিকে এ অস্ত্রোপচারের খরচ ধরা হয় প্রায় ২ লাখ টাকা। অসচ্ছল পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত হাসপাতালের এক চিকিৎসকের উদ্যোগে সরকারি হাসপাতালেই বিনা খরচে অস্ত্রোপচার হয়েছে ইকরামুলের। এখন ধীরে ধীরে হাঁটাচলা করতে পারছে সে।

গত ৭ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে ইকরামুলের হাঁটুর লিগামেন্টে অ্যাডভান্সড আর্থ্রোস্কোপিক এসিএল অস্ত্রোপচার করেন হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. এস কে রাজিবুল ইসলাম। তার দাবি, হাসপাতালের ইতিহাসে এ ধরনের অস্ত্রোপচার এবারই প্রথম।

ইকরামুলের বাড়ি নড়াইল সদর উপজেলার তাড়াশি গ্রামে। তার বাবা বশির মোল্লা এক চোখে দেখতে পান না। ৮ শতক জমির ওপর বসতভিটা ছাড়া পরিবারের আর কোনো উল্লেখযোগ্য সহায়-সম্বল নেই। সীমিত সামর্থ্যের এই পরিবারের পক্ষে ছেলের চিকিৎসার জন্য ২ লাখ টাকা জোগাড় করা কঠিন ছিল।

এক মাস ওষুধ খেয়েও ব্যথা না কমায় মা সালমা বেগম ছেলেকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, ইকরামুলের হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে এবং অস্ত্রোপচার প্রয়োজন। বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বলা হলে খরচের কথা শুনে দুশ্চিন্তায় পড়েন সালমা।

পরিবারটির আর্থিক অসচ্ছলতার কথা জানতে পেরে চিকিৎসক রাজিবুল ইসলাম নিজেই অস্ত্রোপচারের দায়িত্ব নেন। ৭ অক্টোবর হাসপাতালেই বিনা খরচে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধের খরচ পরিবারকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বহন করতে হয়েছে।

অস্ত্রোপচারের পর ইকরামুলের পায়ের ব্যথা অনেকটাই কমেছে। সে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে এবং ধীরে ধীরে হাঁটাচলা করতে পারছে। চিকিৎসক রাজিবুল ইসলাম নিয়মিত তার খোঁজখবর রাখছেন।

ইকরামুল জানায়, তার পায়ে এখন আর ব্যথা নেই এবং সে মোটামুটি হাঁটতে পারছে।

চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, ওয়ার্ডে রোগী দেখতে গিয়ে ইকরামুলের পরিবারের অসহায়ত্বের কথা জানতে পারেন। এরপর তিনি যশোর জেনারেল হাসপাতালেই অস্ত্রোপচার করার কথা পরিবারকে জানান। পরিবার রাজি হলে ৭ অক্টোবর অ্যাডভান্সড আর্থ্রোস্কোপিক এসিএল অস্ত্রোপচার করা হয়।

তার ভাষ্য, যশোর জেনারেল হাসপাতালে এ ধরনের হাঁটুর লিগামেন্ট অস্ত্রোপচার এবারই প্রথম। সরকারি হাসপাতালে অস্ত্রোপচার হওয়ায় ইকরামুলের পরিবার বেসরকারি চিকিৎসার ব্যয় থেকে রক্ষা পেয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চলছে। অপারেশন থিয়েটার ভাগাভাগি করে ব্যবহার এবং প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হওয়ায় সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার সক্ষমতা ও সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে তিনি মনে করেন।

তার মতে, উন্নত ও ব্যয়বহুল চিকিৎসাসেবা সরকারি হাসপাতালেই নিয়মিত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে এ ধরনের চিকিৎসার জন্য সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের ওপর নির্ভর করতে না হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram