অনলাইন ডেস্ক: ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ও কৌতূহলের শেষ নেই। একদিকে বলিউডের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’ ঘিরে নানা আলোচনার ঝড়, অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন ও শক্তিশালী এক রূপে পর্দায় হাজির হয়ে বাজিমাত করলেন এই তারকা। ধানুশ ও মেগাস্টার মাম্মুটির প্রতীক্ষিত সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ একজন দুর্ধর্ষ সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুকে সাই পল্লবীর চরিত্রটি নিয়ে ভক্তদের মধ্যে প্রশংসা দেখা গেছে। ছবিতে তার চরিত্রের নাম নিত্যা রেড্ডি। প্রকাশিত ভিডিওতে তাকে লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদঘাটনে জটিল তদন্তে নামতে দেখা যায়।
নিত্যা অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের বাসিন্দা। বনাঞ্চলের সঙ্গে তার গভীর আবেগের সম্পর্ক রয়েছে। তার বাবা ছিলেন ভারতীয় বন কর্মকর্তা, যিনি জঙ্গল রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। বাবার আত্মত্যাগ ও বনের প্রতি টান নিত্যা চরিত্রকে দৃঢ়তা দিয়েছে।
সিনেমাটিতে ধানুশ ও সাই পল্লবীকে আবারও একসঙ্গে দেখা যাবে। এর আগে ‘মারি ২’ সিনেমার ‘রাউডি বেবি’ গানে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা পেয়েছিল। দীর্ঘদিন পর এই জুটির পুনর্মিলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত সিনেমাটিতে ধানুশ ও মাম্মুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির প্রাথমিক তারিখ ছিল ১৬ অক্টোবর। তবে রজনীকান্তের ‘জেলার ২’-এর সঙ্গে একই সময়ে মুক্তির সংঘাত এড়াতে তারিখ পরিবর্তন করা হয়। পরে রজনীকান্তের প্রতি সম্মান জানিয়ে ধানুশ ২০ নভেম্বর নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন।

