Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মঞ্চে উঠলেই মনে হতো মৃত্যুকে দেখছি: এ আর রহমান

মঞ্চে উঠলেই মনে হতো মৃত্যুকে দেখছি: এ আর রহমান

অনলাইন ডেস্ক: সিনেমার গানে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করা এ আর রহমানের কাছে ভীষণ কঠিন মনে হতো। ভয় এতটাই ছিল যে মঞ্চে দাঁড়ালে তার মনে হতো, যেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন। সময়ের সঙ্গে সেই ভয় কাটিয়ে অস্কারজয়ী এই ভারতীয় সুরকার এখন বিশ্বের নানা প্রান্তে বড় আয়োজনে সংগীত পরিবেশন করছেন।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মঞ্চে গান পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতা জানান রহমান। তিনি বলেন, একসময় মঞ্চে দাঁড়িয়ে তার মনে হতো, যেন মৃত্যুকে দেখছেন; তিনি ভীষণ ভয় পেতেন।

১৯৯৬ সালে মালয়েশিয়ায় প্রথম লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়। তিন দশক পর এখন যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে সংগীত পরিবেশনের পাশাপাশি ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মতো বড় আয়োজনেও অংশ নিচ্ছেন তিনি।

রহমান জানান, ১৯৯৬ সালের প্রথম পারফরম্যান্স থেকে এখন পর্যন্ত ৩০ বছর পেরিয়ে গেছে। বর্তমানে তারা নানা ধরনের আয়োজন করছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পরিবেশনা এবং বড় পরিসরের বিনোদনমূলক আয়োজন ‘ওয়ান্ডারমেন্ট’ রয়েছে।

স্টুডিওতে তৈরি সংগীতকে মঞ্চে পরিবেশনের উপযোগী করে তোলা সহজ ছিল না। রহমানের সুরের ধরন অন্যদের চেয়ে আলাদা হওয়ায় মঞ্চের শিল্পীদের তা বুঝে ঠিকভাবে পরিবেশন করতে সময় লেগেছে।

সুরের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে নতুন কিছু যোগ করতে পারবেন—এমন উপযুক্ত শিল্পী খুঁজে পাওয়াও গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি। কয়েক মাসের পরিশ্রমে তৈরি সংগীত যাতে নষ্ট না হয়, বরং তাতে নতুন মাত্রা যোগ হয়—এমন শিল্পীদেরই চেয়েছিলেন রহমান।

‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অংশ হিসেবে ভারতের মুম্বাই ও দিল্লিতে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে পারফর্ম করার কথা রয়েছে। তিন ঘণ্টার এই আয়োজনে নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরের পাশাপাশি সাম্প্রতিক সময়ের সংগীতও থাকবে।

রহমানের পরবর্তী কাজের তালিকায় রয়েছে ‘রামায়ণ’। সিনেমাটিতে প্রথমবারের মতো হলিউডের সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram