Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রংপুরে নতুন হাসপাতাল নির্মাণের দাবি, একাধিক চিঠিতেও নেই পদক্ষেপ

রংপুরে নতুন হাসপাতাল নির্মাণের দাবি, একাধিক চিঠিতেও নেই পদক্ষেপ

অনলাইন ডেস্ক: রংপুরে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের দুর্ভোগ কমাতে নতুন সদর হাসপাতাল এবং জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে। এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন হাসপাতাল নির্মিত না হওয়ায় রোগী ও স্বজনদের চাপে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

সচেতন মহলের মতে, ৯৬ বছরের পুরোনো সদর হাসপাতালটি সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব হবে না। তাদের ভাষ্য, ভবনটি এখন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সদর হাসপাতাল চালু করা কিংবা নতুন সদর হাসপাতালসহ জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণ জরুরি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ সদর হাসপাতালটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। গত পাঁচ দশকে নতুন কোনো সরকারি হাসপাতাল গড়ে না ওঠায় রমেক হাসপাতালই এ অঞ্চলের মানুষের প্রধান ভরসা। এক হাজার শয্যার হাসপাতালে ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী চিকিৎসা নিতে আসায় রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

১৯৩০ সালে প্রতিষ্ঠিত সদর হাসপাতালটি একসময় গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র ছিল। ১৯৭৬ সালে রমেক হাসপাতাল চালুর পর এর কার্যক্রম সীমিত হয়ে আসে। পরে ভবনটি টিকাদান কার্যক্রম, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং রমেক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এসব কার্যক্রমও বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রংপুর সিটি করপোরেশনের বিপরীতে অবস্থিত পুরোনো ভবনটি ঝোপঝাড়ে ঢেকে আছে। মূল ফটক বন্ধ থাকলেও দুই পাশের লোহার গ্রিল নেই। ভবনের ভেতরে কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দরজা-জানালা খুলে নিয়ে গেছে চোরেরা। সন্ধ্যার পর সেখানে মাদকসেবন এবং দিনের বেলায় জুয়া খেলার ঘটনাও দেখা যায় বলে তারা জানান।

রমেক হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে দুই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নেন। ভর্তি থেকে চিকিৎসা নেন আড়াই থেকে তিন হাজার রোগী। এক হাজার শয্যার হাসপাতালটিতে জনবল রয়েছে ৬৫০ শয্যার বিপরীতে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসার পরিবেশও ব্যাহত হচ্ছে। নগরীর পশ্চিম প্রান্তে হাসপাতালটির অবস্থান হওয়ায় যানজটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের পৌঁছাতে দেরি হয় বলেও জানানো হয়েছে।

হাসপাতাল নির্মাণে প্রস্তাব

নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রংপুর সদর উপজেলায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। ২০২৫ সালের ১২ আগস্ট রংপুরের সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেন। এতে ঈশ্বরপুর ও হরিদেবপুর মৌজায় প্রস্তাবিত জায়গায় ২৫০ শয্যার জেলা বা সদর হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও হাসপাতাল নির্মাণে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। রংপুর সদর উপজেলার জনসংখ্যা ৭ লাখ ১৮ হাজারের বেশি বলে জানানো হয়েছে।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, সীমিত জনবল দিয়ে রমেক হাসপাতালে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। সদর হাসপাতালটি দ্রুত চালু করা অথবা নতুন হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুরে নতুন সদর হাসপাতাল ও জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য স্থান উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বারবার চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় পদক্ষেপ নিলে সদর হাসপাতাল বা জেলা পর্যায়ের একটি জেনারেল হাসপাতাল নির্মাণ সম্ভব হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদও রংপুরে বড় পরিসরের সদর হাসপাতালের প্রয়োজনীয়তার কথা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram