Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্যালন ডি’অর জিতলে লন্ডনে উৎসব করবেন ইয়ামাল, আগাম প্রস্তুতি

ব্যালন ডি’অর জিতলে লন্ডনে উৎসব করবেন ইয়ামাল, আগাম প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। গত বছরও তিনি সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এবং প্যারিসে উদ্‌যাপনের আগাম প্রস্তুতি নিয়েছিলেন। এবারও ব্যালন ডি’অর ঘোষণার আগে অগ্রিম প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’ জানিয়েছে, এবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বেশি মনে করছেন বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল। বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলে পরিবারের সঙ্গে উদ্‌যাপনে খরচের ক্ষেত্রে কার্পণ্য করতে চান না তিনি।

‘কাদেনা কোপ’-এর তথ্য অনুযায়ী, আগামী সোমবার ২৬ অক্টোবর লন্ডনে যাওয়ার জন্য ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করেছেন ইয়ামাল। তার সঙ্গে থাকবেন মা-বাবা শেইলা এবানা ও মুনির নাসরাউই, সঙ্গী ইনেস গার্সিয়া, পরিবারের সদস্য, বন্ধু, ঘনিষ্ঠজন এবং ব্যবস্থাপনা দলের সদস্যরা।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবার ৭০তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার দেবে। ১৯৫৬ সালে পুরস্কারটির প্রথম বিজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসের সম্মানে এবার তার দেশেই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে লন্ডন।

ব্যালন ডি’অর ঘোষণার দিন সকালে ইয়ামালের উড়োজাহাজ লন্ডনের উদ্দেশে রওনা হবে। ওয়েস্ট এন্ড এলাকার লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে স্থানীয় সময় রাত ৯টায়, বাংলাদেশ সময় রাত ১টায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

গত বছরও ব্যালন ডি’অর জিতলে প্যারিসে উদ্‌যাপনের পরিকল্পনা করেছিলেন ইয়ামাল। তবে শেষ পর্যন্ত পুরস্কার জেতেন উসমান দেম্বেলে। ওই অনুষ্ঠানে ইয়ামাল সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছিলেন।

সর্বশেষ মৌসুমে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ভালো সময় কাটিয়েছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে লা লিগা ও সুপারকোপা জয়ের পাশাপাশি ১৯ বছর বয়সে স্পেনের হয়ে বিশ্বকাপও জিতেছেন তিনি। বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপেও করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। তবে সাম্প্রতিক গণমাধ্যমের খবরে ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালের চেয়ে হ্যারি কেইনকে এগিয়ে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram