Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

অনলাইন ডেস্ক: গ্ল্যামারের আলো ঝলমলে দুনিয়া থেকে মুহূর্তেই অন্ধকার জগতের এক রূপান্তর! সৌন্দর্য হারানোর যাতনা, মানসিক বিপর্যয় আর প্রতিশোধের তীব্র বাসনা নিয়ে আজ পর্দায় হাজির হচ্ছে ডিসি কমিকসের ভয়ংকর ভিলেন ‘ক্লেফেইস’। প্রচলিত সুপারহিরো অ্যাকশনের গণ্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী বডি-হরর অভিজ্ঞতা নিয়ে প্রেক্ষাগৃহে এসেছে সিনেমাটি। শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্বজুড়ে একযোগে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ডিসি কমিকসের অন্যতম চর্চিত চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘ক্লেফেইস’।

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে এনেছে স্টার সিনেপ্লেক্স। জেমস ওয়াটকিন্স পরিচালিত ছবিতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসন।

রূপ বদলাতে পারে ক্লেফেইস

ব্যাটম্যানের কমিক দুনিয়ার এই চরিত্রের শরীর কাদার মতো সহজেই রূপ বদলাতে পারে। অন্য মানুষের চেহারা ধারণ করার ক্ষমতার কারণে গল্পে ভয়, পরিচয় সংকট ও অস্বাভাবিক শারীরিক রূপান্তরের নানা রহস্য তৈরি হয়েছে।

ম্যাট হ্যাগেনের পতন

গল্পের কেন্দ্রে রয়েছেন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা ম্যাট হ্যাগেন। গোথাম থেকে হলিউডের জনপ্রিয় তারকা হয়ে ওঠার পর স্থানীয় এক অপরাধী চক্রের হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত হয়। এতে তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ ভেঙে পড়ে।

হারানো সৌন্দর্য ফিরে পেতে ম্যাট একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা নেন। চিকিৎসায় আগের চেহারা ফিরলেও ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীর ও মানসিকতায় বিকৃতি শুরু হয়। ধীরে ধীরে মানবিকতা ও বাস্তবতার বোধ হারিয়ে তার মধ্যে প্রতিশোধের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়।

সাধারণ সুপারহিরো গল্পের বদলে ছবিটি মনস্তাত্ত্বিক আতঙ্ক ও বডি-হরর ঘরানায় নির্মিত। মুখ গলে যাওয়া, আকৃতি বদল এবং বৈজ্ঞানিক গবেষণার অন্ধকার দিক এতে তুলে ধরা হয়েছে। চিত্রনাট্যের গভীরতা, ভিজ্যুয়াল ইফেক্টস ও মেকআপের কারণে সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram