অনলাইন ডেস্ক: মিশ্র প্রতিক্রিয়ার মাঝে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকো ছিল সহ-আয়োজক। এবার প্রথমবারের মতো ফিফা নারী ক্লাব বিশ্বকাপ ২০২৮ আয়োজনের স্বত্ব পেয়েছে দেশটি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এ তথ্য জানিয়েছে।
ফিফার তথ্যমতে, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাবকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কোন শহরে ম্যাচগুলো হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এরপর থেকে প্রতি চার বছর পরপর নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হবে।
যে সাত দল জায়গা নিশ্চিত করেছে
ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি দল জায়গা নিশ্চিত করেছে। দলগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
ফিফার সম্প্রসারিত ফরম্যাটে অনুষ্ঠিত সর্বশেষ পুরুষ ক্লাব বিশ্বকাপও যুক্তরাষ্ট্রে হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ পুরুষ বিশ্বকাপ এবং ২০২৫ পুরুষ ক্লাব বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর দেশটিতে নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফার নারী ফুটবল বিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আয়োজন সক্ষমতা, নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো—সব মিলিয়ে দেশটি এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প।

