Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট

নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া পেসার মেগান শুট এবার ভিন্ন কারণে আলোচনায়। নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শুটের নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার বাকি অংশ তিনি নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে ভোগ করবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকায় থাকা শর্তগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছেন শুট। সংস্থাটি বলেছে, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটে এবং তা ম্যাচে পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

৩৩ বছর বয়সী শুট শাস্তি মেনে নিয়ে নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রত্যাশিত মান পূরণে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষমাপ্রার্থী। পারফরম্যান্সে প্রভাব না পড়লেও স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকা মেনে চলা খেলোয়াড়দের দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা ১০ উইকেটসংগ্রাহকের একজন শুট। দক্ষিণ অস্ট্রেলিয়ার এই পেসার ২৪৪ ম্যাচে ৩১৯ উইকেট নিয়েছেন—টেস্টে ৪, ওয়ানডেতে ১১৪ এবং টি-টোয়েন্টিতে ১২৬টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলেননি শুট। তবে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকায় তৃতীয় ম্যাচে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপর ৩১ অক্টোবর নারী বিগ ব্যাশে Adelaide Strikers-এর ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram