Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘বুমবাস্টিক’ গান দিয়ে অন্তর্জাল মাতানো এই শিল্পীকে কতটা চেনেন?

‘বুমবাস্টিক’ গান দিয়ে অন্তর্জাল মাতানো এই শিল্পীকে কতটা চেনেন?

অনলাইন ডেস্ক: আসল গানটি বেশ পুরনো, তিন দশক আগের। তবে বছর কয়েক আগে সেটির নতুন সংস্করণ প্রকাশ করেন শিল্পী। আর তা অন্তর্জালে ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ার রিলে-রিলে ছড়িয়ে পড়ে ‘বুমবাস্টিক’ গানটি।

গানটির শিল্পী জ্যামাইকান-আমেরিকান সংগীতশিল্পী শ্যাগি। তার আসল নাম অরভিল রিচার্ড বারেল। ১৯৬৮ সালের ২২ অক্টোবর জ্যামাইকার রাজধানী কিংস্টনে জন্ম নেন তিনি। জনপ্রিয় কার্টুন ‘স্কুবি-ডু’র শ্যাগি চরিত্র থেকে শৈশবে তার ডাকনাম হয়। পরে সেটিই তার স্টেজনেম হয়ে ওঠে।

১৮ বছর বয়সে মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান শ্যাগি। সেখানে ড্যান্সহল সংগীতে নিজের জায়গা তৈরির চেষ্টা শুরু করেন। সংগীতের পাশাপাশি ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিন কোরে যোগ দেন তিনি এবং উপসাগরীয় যুদ্ধের সময় দায়িত্ব পালন করেন।

১৯৯০-এর দশকের শুরুর দিকে সংগীতে মনোযোগী হন শ্যাগি। ১৯৯৩ সালে তার প্রথম হিট গান ‘ওহ ক্যারোলিনা’ প্রকাশিত হয়। পুরোনো স্কা গানটিকে ড্যান্সহলের আধুনিক ছন্দে উপস্থাপন করে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পান তিনি।

১৯৯৫ সালে প্রকাশিত ‘বুমবাস্টিক’ গানটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এই অ্যালবামের জন্য সেরা রেগে অ্যালবামের গ্র্যামি পুরস্কারও জেতেন তিনি।

২০০০ সালে ‘হট শট’ অ্যালবামের ‘ইট ওয়াজন্ট মি’ ও ‘অ্যাঞ্জেল’ গান দুটি আন্তর্জাতিক চার্টে শীর্ষস্থান দখল করে। রেগে ও ড্যান্সহলের সঙ্গে পপ সংগীতের সমন্বয়ে শ্যাগি আন্তর্জাতিক শ্রোতাদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।

২০১৮ সালে ব্রিটিশ সংগীতশিল্পী স্টিংয়ের সঙ্গে ‘৪৪/৮৭৬’ অ্যালবামে কাজ করেন শ্যাগি। অ্যালবামটি ২০১৯ সালে গ্র্যামি পুরস্কার পায়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মোট আটবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছেন।

এ পর্যন্ত শ্যাগির ১৬টি স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। চলতি বছরের মে মাসে তার ১৬তম অ্যালবাম ‘লটারি’ প্রকাশিত হয়। সংগীতের বাইরে ‘শ্যাগি মেক আ ডিফারেন্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে জ্যামাইকার শিশুদের চিকিৎসাসেবায়ও কাজ করেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram