Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ

নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ

অনলাইন ডেস্ক: নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টায় শহরের দারোয়ানি এলাকায় ট্রেন থামিয়ে এ অবরোধ করা হয়।

অবরোধকারীদের দাবি, শহরের গুরুত্বপূর্ণ স্থান দারোয়ানি স্টেশনে নিয়মিত ট্রেনের যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের দূরপাল্লায় মালামাল পরিবহনে বাড়তি খরচ হচ্ছে। এ কারণে দারোয়ানি এলাকায় ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান তারা।

অবরোধের সময় রকেট মেইল ট্রেনটি দারোয়ানি এলাকায় আটকা পড়ে। চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনও নীলফামারী স্টেশনে আটকা পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশের ওসি ও রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস দেন। এরপর দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, এই এলাকার পাশাপাশি আশপাশের ইউনিয়নের সাধারণ যাত্রীরাও দারোয়ানি স্টেশন ব্যবহার করেন। অনেক ব্যবসায়ী এখান থেকে দূর-দূরান্তে মালামাল নিয়ে যান। তাই স্টেশনটিতে ট্রেনের যাত্রাবিরতি হলে চলাচলে সুবিধা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কোন কোন ট্রেনের যাত্রাবিরতি দেওয়া সম্ভব, তা নির্ধারণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram