Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: নজরুল-সুইটি নবদম্পতি ছিলেন—দাবি ভিত্তিহীন বলছে পরিবার

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: নজরুল-সুইটি নবদম্পতি ছিলেন—দাবি ভিত্তিহীন বলছে পরিবার

অনলাইন ডেস্ক: সৌদি আরবের মসজিদ কম্পাউন্ডে যুবকের সঙ্গে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো খবর ভিত্তিহীন বলে দাবি করেছে নিহত নজরুলের পরিবার।

নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়ানোর পর সামাজিক মাধ্যমে তাদের নবদম্পতি এবং হানিমুনে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বলে পোস্ট দেওয়া হয়। স্ত্রীর কপালে চুমু দেওয়ার অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও কিছু পোস্টে দাবি করা হয়।

তবে নিহত নজরুলের মা রহিমা বেগমের দাবি, নজরুল সৌদি প্রবাসী ছিলেন এবং সুইটি তার স্ত্রী নন। তার অভিযোগ, নজরুল ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় পরিবার ন্যায়বিচার ও আইনি সহায়তা পায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আব্দুল বাছির ও রহিমা বেগমের চার সন্তানের মধ্যে নজরুল ছিলেন বড়। পরিবারের অভাব দূর করতে ২০২২ সালের ১০ নভেম্বর ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তিনি সৌদি আরব যান। সেখানে মক্কা নগরীতে পরিচ্ছন্নতাকর্মীর কাজ পান।

স্বজনদের ভাষ্য, সৌদি যাওয়ার ছয় মাসের মধ্যে কোনো এক ঘটনায় নজরুল গ্রেপ্তার হন। তবে গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার প্রায় এক মাস পর পরিবার বিষয়টি জানতে পারে। রহিমা বেগমের দাবি, নজরুল নিয়মিত ফোন করলেও হঠাৎ প্রায় এক মাস তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফোন করে সে জানায়, জেলে আছে; তবে কী কারণে আটক হয়েছে, তা সে জানত না।

রহিমা বেগম বলেন, নজরুল বিবাহিত ছিলেন না এবং ওই মেয়েকে পরিবার চেনে না। তার ভাষ্য, নজরুল বিয়ে করলে পরিবার তা জানত। তিনি আরও বলেন, নজরুল আরবি বুঝতেন না এবং নিজেকে নির্দোষ প্রমাণের বিষয়টি বোঝাতে পারেননি। বাংলাদেশের দূতাবাসও পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি বলে দাবি করেন তিনি।

মায়ের দাবি, তিনি ভেবেছিলেন নজরুলের পাঁচ বছরের সাজা হয়েছে এবং পরে মুক্তি পাবেন। এখন তিনি ছেলের মরদেহ দেশে এনে শেষবারের মতো দেখতে চান।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদ কম্পাউন্ডে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সিতি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পেয়ে ওই রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার ফুফু আবেদা বেগম মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram