Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করল স্পেন

ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করল স্পেন

অনলাইন ডেস্ক: ফিফা নারী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে স্পেন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক আন্তর্জাতিক সূচিতে যুক্তরাষ্ট্রের মাঠে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলে স্পেন। ১০ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় স্প্যানিশরা। ১৩ অক্টোবর পেনসিলভানিয়ার চেস্টারে দ্বিতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই দুই ম্যাচের ফলেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেনের অবস্থান আরও সুসংহত হয়েছে।

শীর্ষ পাঁচে স্পেন ও যুক্তরাষ্ট্রের পর রয়েছে যথাক্রমে জার্মানি, ইংল্যান্ড ও জাপান। ছয় থেকে নয় নম্বরে আছে ফ্রান্স, ব্রাজিল, সুইডেন ও কানাডা।

সেরা দশে একমাত্র পরিবর্তন এসেছে ডেনমার্কের অবস্থানে। দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছে দলটি। ২০১০ সালের আগস্টের পর এই প্রথম নারী র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা পেল ডেনমার্ক। দলটির উত্থানে নেদারল্যান্ডস ১১তম এবং উত্তর কোরিয়া ১২তম স্থানে নেমে গেছে।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে মালাউইয়ের। ৪৯ ধাপ এগিয়ে দলটি এখন ১০৪তম স্থানে রয়েছে। বিপরীতে সবচেয়ে বেশি ১৪ ধাপ পিছিয়েছে মিসর; তাদের অবস্থান ১১৩তম।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram