Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টেনিসের তারকা দম্পতি সভিতোলিনা-মনফিলসের বিবাহ বিচ্ছেদ

টেনিসের তারকা দম্পতি সভিতোলিনা-মনফিলসের বিবাহ বিচ্ছেদ

অনলাইন ডেস্ক: টেনিস কোর্টেই তাদের পরিচয়। এরপর একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নেন এলিনা সভিতোলিনা ও গায়েল মনফিলস। তবে মানসিক দ্বন্দ্বের কাছে হার মেনে পাঁচ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা।

ইউক্রেনের শীর্ষ র‌্যাঙ্কিংধারী টেনিস তারকা সভিতোলিনা ফ্রান্সের মনফিলসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন। সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তিগত সংগ্রাম, যুদ্ধের প্রভাব ও মানসিক দ্বন্দ্বের কথা বলেছেন তিনি।

সভিতোলিনা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ তার ওপর গভীর প্রভাব ফেলেছে। ঘুমহীন রাত, সংশয় এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

এই কঠিন সময়ে মনফিলস তাকে সমর্থন দিয়েছেন বলেও জানান সভিতোলিনা। তবে তার মানসিক দ্বন্দ্ব নিয়ে সমস্যা ক্রমে প্রকট হয়ে ওঠে। সভিতোলিনার ভাষ্য অনুযায়ী, কিছু লড়াই মানুষের অন্তরের গভীরে সংঘটিত হয়, যেখানে অন্য কারও ভালোবাসা দিয়েও জয়ী হওয়া যায় না।

এই দম্পতির মেয়ে স্কাই। বিচ্ছেদের প্রভাব মেয়ের ওপর পড়তে দেবেন না বলে জানিয়েছেন সভিতোলিনা। তার ভাষায়, বিয়ে ভেঙে গেলেও পরিবার ভেঙে যাচ্ছে না; তারা সবসময় স্কাইয়ের বাবা-মা হিসেবে তার পাশে থাকবেন।

সভিতোলিনা তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে এবং সেরে ওঠার জন্য সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এ বছর তিনি ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডব্লিউটিএ ফাইনালে অংশ নেবেন। একই মৌসুমে দ্বিতীয়বারের মতো ৫০ জয়ের কীর্তিও গড়েছেন এই টেনিস তারকা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram