অনলাইন ডেস্ক: এআই দিয়ে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ওপেনকোড কনসোলের ১ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন। হামলাকারীরা কিছু ব্যবহারকারীর এআই সেবায় প্রবেশের চাবি হিসেবে ব্যবহৃত এপিআই কি ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে অননুমোদিত খরচ করেছে। কয়েকজন ব্যবহারকারীর বিল এক হাজার ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছেন তারা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ওপেনকোড হামলার কথা জানায়। প্রতিষ্ঠানটির দাবি, ঘটনাটি বড় পরিসরের ‘ডিস্টিলেশন অ্যাটাক’-এর সঙ্গে সম্পর্কিত। ডিস্টিলেশন হলো একটি এআই মডেলের কাছ থেকে পাওয়া ফলাফল ব্যবহার করে অন্য মডেলকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি। তবে হামলার সঙ্গে ডিস্টিলেশনের সম্পর্ক নিয়ে সংশয় রয়েছে। কেউ কেউ এটিকে সাধারণ সাইবার নিরাপত্তা লঙ্ঘন বলে মনে করছেন। ডিস্টিলেশনের উদ্দেশ্য ছিল কি না, তা এখনো প্রমাণিত নয়।
ওপেনকোড কনসোলে কিছু ব্যবহারকারী এপিআই কি সংরক্ষণ করেছিলেন। এসব কি ফাঁস হওয়ার পর হামলাকারীরা ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের এআই সেবায় অননুমোদিত প্রবেশের সুযোগ পেয়ে থাকতে পারে। হামলার পর কয়েকজন ডেভেলপার রেডিট ও এক্সে অস্বাভাবিক খরচের সতর্কবার্তা পাওয়ার কথা জানান। কেউ কেউ কয়েক শ ডলারের বিলও দেখেছেন।
অ্যানথ্রপিক ও গুগল সন্দেহভাজন ফাঁস হওয়া এপিআই কি বন্ধ করেছে। ওপেনএআই জানিয়েছে, তারা ওপেনকোডের সঙ্গে কাজ করে সেবা পুনরুদ্ধারে সহায়তা করেছে এবং হামলায় ব্যবহৃত ক্রেডিটের অর্থ গ্রাহকদের ফেরত দিচ্ছে। ওপেনকোডও অননুমোদিত খরচের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
ওপেনকোডের সহপ্রতিষ্ঠাতা ডাক্স রাড জানিয়েছেন, হামলার প্রভাব শুধু ওপেনকোড কনসোলে পড়েছে। ওপেন সোর্স অ্যাপ ও কমান্ড-লাইন টুল আক্রান্ত হয়নি। তার ভাষ্য, কনসোলে থাকা ব্যবহারকারীদের এপিআই কি ওপেনকোডের মূল অ্যাপের কাছে যায়নি।
প্রতিষ্ঠানটির দাবি, হামলাকারীরা টানা ৪৮ ঘণ্টা তাদের সিস্টেমে প্রবেশের চেষ্টা করেছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বিশ্লেষণে এআই এজেন্ট ব্যবহার করা হলেও কিছু মডেল ক্ষতিকর কোড পরীক্ষা করতে গিয়ে নিরাপত্তাব্যবস্থার কারণে কাজ করতে অস্বীকৃতি জানায়। পরে ওপেনএআইয়ের ডেব্রেক ব্লু কর্মসূচির আওতায় তুলনামূলকভাবে কম বাধা দেয় এমন এআই মডেল ব্যবহারের সুযোগ পায় ওপেনকোড।
ঘটনাটি এআই নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সাইবার হামলা ঠেকাতে নিরাপত্তা দলগুলোর কখনো ক্ষতিকর কোড বিশ্লেষণ করতে হয়। কিন্তু এআই মডেলের নিরাপত্তাব্যবস্থা সেই কাজ বাধাগ্রস্ত করতে পারে। একই ধরনের সমস্যার কথা এর আগে জানিয়েছিল এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস।
ওপেনকোড এখনো জানায়নি, হামলাকারীরা কীভাবে পুরোনো সিস্টেমে প্রবেশ করেছিল বা ফাঁস হওয়া এপিআই কি কতটা অপব্যবহার হয়েছে। প্রতিষ্ঠানটি আক্রান্ত ব্যবহারকারীদের সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের কাছে গিয়ে পুরোনো কি বাতিল করে নতুন কি তৈরির পরামর্শ দিয়েছে। তদন্ত চলছে।

