অনলাইন ডেস্ক: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত হন। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে। চালক ও হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

