Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাহিদকে উদ্দেশ করে ইশরাক: মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব

নাহিদকে উদ্দেশ করে ইশরাক: মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন বলেছেন, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে তাঁর নামে মামলা করা হলে তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করে জেলে যাবেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক।

ফেসবুকের পোস্টে নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে ইশরাক বলেন, তাঁর প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাদকের মহামারি ও এর প্রতিকার নিয়ে আলোচনা না করে তাঁর ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়েছে। মাদকের বিষয়টি আগে গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

ইশরাক আরও বলেন, মাদক নির্মূল করতে গিয়ে বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে এবং পুলিশ সঙ্গে নিয়ে যাওয়ার পরও ফৌজদারি মামলা হতে হলে তিনি তা মেনে নেবেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, এভাবে বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসবে না।

মাদক নির্মূলের বিষয়ে ইশরাক বলেন, ভিন্ন পদ্ধতিতে প্রতিকার করতে হবে। তিনি বড় ডিলার ও বিক্রেতাদের উদ্দেশে শিগগির ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram