Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

অনলাইন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।

গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা কবির হোসেন।

নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।

কবির হোসেন জানান, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। তিনি চান্দিনার একটি রড-সিমেন্টের দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করতেন। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেন সাগর। প্রায় ৬ লাখ টাকা খরচে রাশিয়া গিয়ে একটি বেকারিতে চাকরি নেন তিনি। পরে সেখানে এক দালালের খপ্পরে পড়ে সাগর রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে পরিবারের দাবি।

পরিবারের ভাষ্য, ওই দালাল সাগরকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন। বিষয়টি জানার পর বাবা তাকে নিষেধ করলেও সাগর তা শোনেননি। এরপর চলতি বছরের মে মাসে তিনি যুদ্ধে যোগ দেন।

সাগরের বাবা বলেন, শনিবার এক সহকর্মী ফোন করে সাগরের মৃত্যুর খবর জানান। এরপর তিনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সাগর ঠিক কবে মারা গেছেন এবং তার মরদেহ দেশে আনা হবে কি না, এসব বিষয়ে জানতে পরে কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছেন। খোঁজ নিয়ে তিনি পরিবারের সঙ্গে কথা বলবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram