Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নেতৃত্ব হারানোর পর সেঞ্চুরি, যেভাবে ঘুরে দাঁড়ালেন সালমান

নেতৃত্ব হারানোর পর সেঞ্চুরি, যেভাবে ঘুরে দাঁড়ালেন সালমান

অনলাইন ডেস্ক: ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। গতকাল সালমান আগার সেঞ্চুরিতে ৩৭ রানে লঙ্কানদের হারিয়েছে তারা। আগস্টের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচেই আলো কেড়ে নিলেন এই ব্যাটার। অথচ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জার্সিতে তার পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ।

সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি ও টেস্ট দল থেকে বাদ পড়েন সালমান। ছোট সংস্করণের নেতৃত্বও হারান তিনি। তবে ৩২ বছর বয়সী এই ব্যাটার ভেঙে না পড়ে নিজেকে ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।

পাকিস্তানের ঘরোয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ কিংসমেনের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেন সালমান। এরপর একই পর্যায়ের ক্রিকেটে আরেকটি সেঞ্চুরি করলে নির্বাচকদের নজর এড়াতে পারেননি তিনি। ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর ৯০ বলে ১০৭ রান করে নিজের নির্বাচনের যথার্থতা প্রমাণ করেন এই ব্যাটার।

ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব

ম্যাচসেরার পুরস্কার নিয়ে নিজের ফর্মে ফেরার কারণ ব্যাখ্যা করেন সালমান। তার মতে, ঘরোয়া ক্রিকেটকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। সেখানে রান করা সহজ—এমন ধারণা ঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

সালমান বলেন, ঘরোয়া ক্রিকেটে রান করা সহজ নয়; সেখানে ভালো খেলতে হলে লড়াই করতে হয়। ফর্মে না থাকা কোনো আন্তর্জাতিক খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলে সেটিকে অবমূল্যায়ন না করে স্বীকৃতি দেওয়া উচিত বলেও মত দেন তিনি।

তিনি জানান, পাঁচটি ঘরোয়া ম্যাচ খেলার পর তার প্রত্যাবর্তন হয়েছে। ঘরোয়া ক্রিকেটে খেলার সময় নিজের ব্যাটিং কৌশলে উন্নতি করেছেন, যার ফল আন্তর্জাতিক ম্যাচে পেয়েছেন বলে উল্লেখ করেন সালমান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram