অনলাইন ডেস্ক: সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-১ গোলে জয় ছাপিয়ে এখন আলোচনায় প্রতিপক্ষ খেলোয়াড়কে আরদা গুলারের কনুইয়ের আঘাত। রেফারির লাল কার্ড থেকে বেঁচে যাওয়া এই তুর্কি মিডফিল্ডার এগিয়ে দেন মাদ্রিদ ক্লাবকে। তাদের এই বড় জয় ছাপিয়ে এই বিতর্কিত ঘটনা নিয়ে ‘অতিরিক্ত আগ্রহ’ কেন, বুঝতে পারছেন না কোচ হোসে মরিনিও।
২২তম মিনিটে পেকে ফার্নান্দেজকে কনুই দিয়ে আঘাত করেন গুলার। তখন ম্যাচের স্কোর ছিল ০-০। এর কিছুক্ষণ পরই গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল। সেভিয়া কোচ লুইস গার্সিয়ার মতে, ওই ঘটনায় গুলারের লাল কার্ড পাওয়া উচিত ছিল।
১০ জনের রিয়ালের বিপক্ষে ১১ জন নিয়ে খেলার সুযোগ না পাওয়ায় রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেন গার্সিয়া। তিনি দাবি করেন, সেভিয়ার ২৫তম মিনিট থেকেই একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলা উচিত ছিল এবং দলটির ৬৫ মিনিট ১১ বনাম ১০ পরিস্থিতিতে খেলার কথা ছিল।
মরিনিওর মতে, বড় জয় থেকে মনোযোগ সরাতেই প্রতিপক্ষ কোচ বিষয়টি নিয়ে আলোচনা করছেন। রিয়াল কোচ জানান, অভিযোগের সমর্থনে তিনি কোনো ছবি বা টেলিভিশন ফুটেজ দেখতে পাননি। তিনি বলেন, তার স্টাফদের কাছ থেকেও ট্যাকটিক্যাল ক্যামেরার কোনো ছবি পাওয়া যায়নি।
মরিনিও আরও জানান, রেফারির সিদ্ধান্ত রিয়ালের পক্ষে গেছে—এমন কোনো স্পষ্ট ও বস্তুনিষ্ঠ ছবি বা ফুটেজ পাওয়া গেলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে প্রস্তুত। তবে তার আগে এ নিয়ে মন্তব্য করবেন না বলে জানান তিনি।
অন্যদিকে গার্সিয়া বলেন, তিনি নিজ চোখে ঘটনাটি দেখেছেন এবং বিরতির সময় পেকে তাকে বলেছেন, গুলার আঘাত করেছেন। সেভিয়া কোচের দাবি, এটি লাল কার্ডের ঘটনা ছিল।
সাংবাদিকদের উদ্দেশে মরিনিও প্রশ্ন তোলেন, তাদের কেউ কি ঘটনাটি পরিষ্কারভাবে দেখেছেন। এ কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন করার ‘বাড়াবাড়ি’ তিনি বুঝতে পারছেন না বলেও জানান রিয়াল কোচ।

