Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এআই ব্যবহার করে প্রতারণা, নিজেকে বাঁচাবেন যেভাবে

এআই ব্যবহার করে প্রতারণা, নিজেকে বাঁচাবেন যেভাবে

অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারণার নতুন নতুন কৌশল তৈরি করছে অপরাধীরা। ভুয়া অনলাইন দোকানের ওয়েবসাইট, পরিচিত মানুষের নকল কণ্ঠস্বর এবং বাস্তবের মতো দেখতে ভিডিও তৈরি করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে নতুন করে নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এআই ব্যবহার করে অল্প সময়ে পেশাদার চেহারার ভুয়া ওয়েবসাইট তৈরি করা সম্ভব হচ্ছে। এসব সাইটে যুক্তরাজ্যের পারিবারিক ব্যবসার পরিচয় দিয়ে দেশটিতে তৈরি উন্নত মানের পণ্য বিক্রির দাবি করা হয়। যুক্তরাজ্যের রাস্তা বা দেশটির পতাকার ছবি ব্যবহার করে সাইটগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়। তবে অর্ডারের পর ক্রেতারা পণ্য পান না; কখনো নিম্নমানের গণহারে উৎপাদিত পণ্য পাঠানো হয়।

ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডস প্রথমবারের মতো এআই ব্যবহার করে করা প্রতারণার কৌশল নিয়ে সতর্কতামূলক তালিকা প্রকাশ করেছে। এতে ভুয়া ছবি, কণ্ঠস্বর নকলের প্রযুক্তি এবং ডিপফেক ভিডিও ব্যবহারের কথা বলা হয়েছে। ডিপফেক হলো এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত ভিডিও, যেখানে কাউকে বাস্তবে না ঘটে এমন কিছু বলতে বা করতে দেখা যায়।

অনলাইনে প্রেমের সম্পর্ক তৈরি করেও অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এআই ব্যবহার করে প্রতারকেরা ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য মনে রাখতে এবং কয়েক সপ্তাহ বা মাস ধরে কথোপকথন চালিয়ে যেতে পারে। এ ছাড়া আত্মীয় বা বন্ধুর কণ্ঠস্বর নকল করে জরুরি প্রয়োজনে অর্থ চাওয়ার ঘটনাও ঘটছে।

বিপুলসংখ্যক ব্যক্তির জন্য আলাদাভাবে তৈরি করা হচ্ছে প্রতারণামূলক ই-মেইল, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট। বানান বা ব্যাকরণগত ভুল না থাকায় এসব বার্তা শনাক্ত করা কঠিন হচ্ছে। ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন হুইচ? জানিয়েছে, শুধু বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে এখন প্রতারণামূলক বার্তা চেনা যায় না।

প্রতারিত হওয়া থেকে বাঁচতে পরামর্শ

ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডসের পরামর্শ, সরাসরি দেখা হয়নি এমন কাউকে টাকা, উপহারের কার্ড কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য দেওয়া উচিত নয়। অনলাইন দোকানের ঠিকানা বাস্তব কি না যাচাই করতে হবে। চাকরির বিজ্ঞাপন সত্যি কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু পরিচিত কণ্ঠস্বর শোনা বা ভিডিও কলে কাউকে দেখেই পরিচয় নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। কেউ দ্রুত টাকা পাঠাতে বা জরুরি সিদ্ধান্ত নিতে চাপ দিলে সতর্ক থাকতে হবে। কারণ প্রতারকেরা সাধারণত ভুক্তভোগীকে চিন্তা করার সময় না দিয়েই সিদ্ধান্ত নিতে বাধ্য করতে চায়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram