অনলাইন ডেস্ক: দেশে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, দীর্ঘদিনের সার ব্যবসায়ীদের বাদ দিয়ে বিএনপির নেতাকর্মী, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাই ও আত্মীয়স্বজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে। কোথাও কোথাও দলীয় প্যাডে দেওয়া তালিকা অনুযায়ী ডিলার নিয়োগ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব অভিযোগ তোলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, সার ডিলার নিয়োগ ও বিতরণে নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে এবং উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটিতে রাজনৈতিক প্রভাব বেড়েছে। তার দাবি, উপজেলা কমিটির ১০ সদস্যের মধ্যে তিনজন এবং জেলা কমিটির ১৩ সদস্যের মধ্যে তিনজনকে রাজনৈতিক বিবেচনায় মনোনীত করা হয়েছে। এতে যোগ্য ও নিরপেক্ষ ব্যবসায়ীদের ডিলার হওয়ার সুযোগ কমেছে।
বিভিন্ন উপজেলা থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, সরকারদলীয় সংসদ সদস্য ও নেতারা ডিলার নিয়োগ ভাগ করে নিয়েছেন এবং টাকার বিনিময়ে সেই অনুযায়ী ডিলারশিপ বণ্টনের অভিযোগ রয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন—এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রেও নীতিমালা ভঙ্গের অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা জানান, প্রায় পাঁচ হাজার ডিলার নিয়োগের সুযোগের বিপরীতে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আবেদনকারীর যোগ্যতা, ব্যবসায়িক অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও নিজস্ব গুদাম থাকার শর্ত যথাযথভাবে মানা হয়নি বলেও তিনি দাবি করেন।
সারসংকটের বিষয়ে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে সারের চাহিদা ৫৮ লাখ মেট্রিক টন। তার বক্তব্য অনুযায়ী, সরকারের হিসাবেই চাহিদার তুলনায় প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি সার থাকার কথা। এরপরও বিভিন্ন এলাকায় বিক্ষোভ, গুদাম থেকে কৃষকদের সার নিয়ে যাওয়া এবং ডিলারদের পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ফরিদপুরের নগরকান্দা, দিনাজপুরের পার্বতীপুর, বদরগঞ্জ, আলফাডাঙ্গা ও ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় ডিলার নিয়োগে অনিয়ম, অর্থ লেনদেন ও রাজনৈতিক প্রভাবের অভিযোগের উদাহরণ দেন মিয়া গোলাম পরওয়ার। এসব অভিযোগ তদন্তে সরকারের কাছে ছয় দফা দাবি জানায় জামায়াত।
জামায়াতের ছয় দাবি
দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে—গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের অবিলম্বে তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি, ডিলারদের যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়ার তথ্য প্রকাশ, অর্থ নেওয়ার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানানো। পাশাপাশি সারসংকট নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও তথ্য প্রকাশ এবং রাজনৈতিক অভিযোগ প্রমাণের ভিত্তিতে যাচাইয়ের দাবিও জানানো হয়েছে।

