অনলাইন ডেস্ক: শ্রেণিকক্ষে প্রবেশের আগে হাত ধোয়ার বিষয়টি শুধু নিয়ম নয়, বরং পড়াশোনার নিয়মিত অংশ হিসেবে দেখছে শিক্ষার্থীরা। শিক্ষকদের নির্দেশনায় বরগুনার সানবীম ও এফএম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে এ অভ্যাস। শিক্ষক ও অভিভাবকদের দাবি, এর প্রভাবে স্কুলের পাশাপাশি বাড়িতেও হাত ধোয়ার চর্চা করছে শিশুরা।
বরগুনা পৌরশহরের কলেজ রোড এলাকায় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল দুটিতে হাত ধোয়ার জন্য একাধিক বেসিন, সাবান ও হ্যান্ডওয়াশ রয়েছে। শ্রেণিকক্ষের দরজার আশপাশসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও হাত ধোয়া নিয়ে সচেতনতামূলক বার্তাও টাঙানো হয়েছে। শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী হাত ধুয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। স্কুল শুরুর আগে সমাবেশ ও ক্লাসে শিক্ষকরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং খাবারের আগে হাত ধোয়ার বিষয়ে তাদের সচেতন করেন।
সানবীম স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা বিনতে নাজমুল জানায়, স্কুলে আসার পর বিভিন্ন জিনিসের সংস্পর্শে হাত জীবাণুর সংস্পর্শে আসতে পারে। তাই ক্লাসে প্রবেশ ও খাবার খাওয়ার আগে তারা নিয়মিত হাত ধোয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. ফায়াজ মুহতাসীর জানায়, স্কুলে অনেক বেসিন রয়েছে এবং শিক্ষকরা নিয়মিত হাত ধোয়ার কথা বলেন। এফএম স্কুলের শিক্ষার্থী তাবিবা সুলতানাও জানায়, স্কুল ও বাড়ি—দুই জায়গাতেই তারা হাত ধোয়।
সানবীম স্কুলের অধ্যক্ষ কাজী সাজ্জাদ হোসাইন বলেন, শিশুদের সুস্থ রাখতে হাত ধোয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বছরের শুরু থেকেই নতুন ও পুরোনো সব শিক্ষার্থীকে এ বিষয়ে সচেতন করা হয়। তার দাবি, এর ফলে অসুস্থতার কারণে স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীদের হার কমেছে এবং শিশুরা বাড়িতেও এ চর্চা করছে।
দুই সন্তানকে সানবীম স্কুলে পড়ান মো. আল জাহিদুল সিদ্দিকী রুবেল। তার মতে, সব স্কুলেই হাত ধোয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন, যাতে ডায়রিয়াসহ জীবাণুজনিত রোগ থেকে শিশুরা সুরক্ষিত থাকতে পারে।
বরগুনার সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪১৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৩২ জন শিশু।
বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. শায়লা আক্তার বলেন, ডায়রিয়া, ঠান্ডা-কাশি ও চর্মরোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে হাত ধোয়া গুরুত্বপূর্ণ। তার মতে, বাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা দরকার।
তবে জেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ভিন্ন। অনেক স্কুলে ওয়াশ ব্লক থাকলেও পানি না থাকায় সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইন কালী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক থাকলেও পানির ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের বাড়ি থেকে পানি আনতে হচ্ছে।
বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা ভুলু রানী কর্মকার জানান, পানির অভাবে ওয়াশ ব্লক বন্ধ থাকে এবং প্রতিদিন বাড়ি থেকে তিন-চার বোতল পানি আনতে হয়। পুলিশ লাইন কালী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার শীলও বলেন, পানির অভাবে শিক্ষার্থীরা হাত ধোয়ার সুযোগ পায় না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকগুলো পিইডিপির এক থেকে চারটি প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। যেগুলো মেরামতযোগ্য, সেগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রস্তাবনা পাঠানো হয় এবং পরে মেরামতের ব্যবস্থা করা হয়।

