অনলাইন ডেস্ক: টিফিনের ফাঁকে কেউ গল্পে ব্যস্ত, কেউ তপ্তরোদে মাঠে খেলায় মগ্ন, আবার কেউ ভিড় করেছে ঝাল মুড়ির দোকানে। টিফিনের ঘণ্টা বাজতেই রংপুরের পীরগাছা উপজেলার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দৃশ্য দেখা গেল। স্বাভাবিক ছন্দে চলাফেরার মধ্যেই কয়েকজন শিক্ষার্থী টিউবওয়েলের পানি দিয়ে হাত-মুখ পরিষ্কার করল। অথচ পাশেই ছিল উন্নতমানের একটি ‘অকার্যকর ওয়াশব্লক’。
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাকালে সংক্রমণ ঠেকাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশ ব্লক বা হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তবে মহামারির পর সাবান-পানি না থাকা, পানির সংযোগ বিচ্ছিন্ন হওয়া, বেসিন নষ্ট হওয়া এবং সংস্কারের অভাবে অনেক ওয়াশ ব্লক ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
পীরগাছার কান্দিরহাট হাই স্কুল এণ্ড কলেজের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জুয়েল বলেন, করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় ওয়াশ ব্লক চালুর উদ্যোগ নেওয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে উপজেলার বেশির ভাগ ওয়াশ ব্লক অকেজো হয়ে পড়েছে। তিনি এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তদারকি ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন।
রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে, কোথাও ওয়াশ ব্লকে পানির সংযোগ নেই, কোথাও বেসিন বা ট্যাপ নষ্ট, আবার অনেক স্থানে সাবান ও হ্যান্ডওয়াশের ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য টিউবওয়েল বা ওযুখানার পানির ওপর নির্ভর করতে হচ্ছে।
অনেক শিক্ষার্থী ওয়াশ ব্লক কী, সেটিও জানে না। মিঠাপুকুরের এক শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ে করোনাকালে ওয়াশব্লক ছিল—এ কথা সে আগে জানত না। বিদ্যালয়ের টয়লেট ও হাত ধোয়ার ব্যবস্থাও অস্বাস্থ্যকর বলে সে জানায়। রংপুর নগরীর একটি বিদ্যালয়ের শিক্ষার্থী নিঃশ্বাসও ওয়াশ ব্লক দেখেনি এবং এটি কী, তা জানে না বলে জানিয়েছে।
গাইবান্ধার ১ হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলোতে টয়লেট ও ওয়াশব্লকের অবস্থা নাজুক। পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট এলাকায় ময়লা ও দুর্গন্ধের পাশাপাশি সাবান, স্যান্ডেল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণের ঘাটতি দেখা গেছে। রংপুরের আলমনগর স্টেশন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও সাবান ও পানির সংকট, নষ্ট বেসিন এবং অচল ওয়াশ ব্লকের চিত্র পাওয়া গেছে। নীলফামারীতে ২০২১-২২ অর্থবছরে বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ৩০টি হাত ধোয়ার বেসিন স্থাপন করা হলেও সেগুলোর কিছু এখন পরিত্যক্ত।
পরিসংখ্যান ও তদারকির ঘাটতি
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওয়াশ ব্লক থাকা বিদ্যালয়ের সঠিক সংখ্যা জানাতে পারেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস জানিয়েছে, বিভিন্ন প্রকল্পের আওতায় জেলায় ৮৬৯টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক এবং ৪৫৩টি বিদ্যালয়ে হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হয়েছে। তবে এসব ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে নিয়মিত কোনো পরিসংখ্যান নেই।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা জানান, রংপুর মহানগরসহ জেলার অন্তত ৩০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশ ব্লক এবং ১৩৩টিতে বিশেষ নলকূপ স্থাপন করা হয়েছে। এসব এখন ব্যবহার উপযোগী কি না, তা জানা নেই বলেও তিনি জানান।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, করোনাকালে তৈরি করা অধিকাংশ ওয়াশ ব্লক এখন অচল। কোথাও পানির সংযোগ নষ্ট, কোথাও সাবান নেই, আবার কোথাও ট্যাপ চুরি হয়েছে। এগুলো সচল করতে সংস্কার ও বরাদ্দ প্রয়োজন বলে তিনি জানান।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের সহজ ও সাশ্রয়ী উপায়। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ফিরিয়ে আনতে সরকার, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

