অনলাইন ডেস্ক: বান্দরবানের লামা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা বান্দরবানের লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তানিয়া সুলতানা ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপর দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ১০ অক্টোবর সার্টিফিকেট নেওয়ার কথা বলে রেশমি আক্তার বাড়ি থেকে বের হন। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বের হয়। এরপর তাদের আর সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ১৩ অক্টোবর লামা থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান, ১৪ অক্টোবর রাতে খুলশী থানা পুলিশ ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা সেখানে বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ ১৫ অক্টোবর তিন স্কুলছাত্রীকে নিরাপদ ও সুস্থ অবস্থায় আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ফিরে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

