Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিমানবন্দর, ডাক ও রেলপথে চোরাচালানের নতুন কৌশল, সোয়া কোটি টাকার পণ্য জব্দ

বিমানবন্দর, ডাক ও রেলপথে চোরাচালানের নতুন কৌশল, সোয়া কোটি টাকার পণ্য জব্দ

অনলাইন ডেস্ক: বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথে পণ্য পাঠানোর মাধ্যমে চোরাচালানের নতুন কৌশলের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযানে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা আনুমানিক বাজারমূল্যের পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ পণ্যের মধ্যে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল পরিমাণ ওষুধ, আমদানি-নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ও মদজাতীয় পানীয় রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানায় সিআইআইডি।

সিআইআইডি জানায়, আন্তর্জাতিক ফ্লাইটে ওষুধ এনে বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের ডাক ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে রেলপথে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনার তথ্য পাওয়া যায়। ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি-৬৮০ ফ্লাইটে আসা যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়।

অধিদপ্তরের ভাষ্য, ওষুধের অনিয়ন্ত্রিত আমদানি ও পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন না হলে এর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। সিআইআইডির মতে, পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস কেন্দ্র হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল।

এ ছাড়া ১৩ অক্টোবর বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন, ২৮৮ কার্টন বিদেশি সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম ও ১৭ লিটার মদজাতীয় পানীয় জব্দ করা হয়। ১৪ অক্টোবর থাই এয়ারওয়েজ, সালাম এয়ারসহ বিভিন্ন ফ্লাইটের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন তল্লাশি করে আরও ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি প্রসাধনসামগ্রী ও ১৮ দশমিক ১৮ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

সিআইআইডির হিসাব অনুযায়ী, দুই দিনে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩২টি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, ১৭ লিটার মদজাতীয় পানীয় এবং কমলাপুরে ৭ হাজার ৭৮৭ পিস গৌরি ক্রিম জব্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram