Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে গিয়ে গত আসরে হোবার্ট হারিকেন্সের সেরা বোলার হয়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশি এই তারকা লেগস্পিনারকে আবারও তারা নতুন মৌসুমের জন্য দলে নিয়েছে। অ্যাডাম জাম্পার সঙ্গে রিশাদের উপস্থিতি দলের লেগস্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা হোবার্টের।

হোবার্ট হারিকেন্স নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে রিশাদকে দলে রাখার তথ্য জানিয়েছে। গত মৌসুমে ১২ ম্যাচে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। তার সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট।

সফল মৌসুমের স্বীকৃতি হিসেবে রিশাদ হারিকেন্সের বর্ষসেরা বিবিএল খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস জানিয়েছেন, পরবর্তী আসরেও দলের হয়ে খেলার বিষয়ে রিশাদের আগ্রহ তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিমসের ভাষ্য অনুযায়ী, গত মৌসুমে হোবার্টে রিশাদের অভিজ্ঞতা ভালো ছিল এবং তিনি আবার ফিরতে চেয়েছিলেন। অ্যাডাম জাম্পাকে দলে যুক্ত করার পরও রিশাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়কে ধরে রাখার সম্ভাবনা বিবেচনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস বলেন, বিগ ব্যাশে প্রথমবার খেলেই প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার প্রমাণ।

বিমস আরও জানান, একই দলে রিশাদ ও অ্যাডাম জাম্পার মতো দুজন মানসম্পন্ন লেগস্পিনার থাকায় কন্ডিশন ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী বোলিং আক্রমণ সাজানোর সুযোগ বাড়বে। আগামী ১২ ডিসেম্বর বিগ ব্যাশের ১৬তম আসর শুরু হবে।

হোবার্ট হারিকেন্সের স্কোয়াড

মার্কাস বিন, ইয়ান কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram