অনলাইন ডেস্ক: অবিশ্বাস্য নাটকীয়তায় বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। সেদিকউল্লাহ অটলের ম্যারাথন সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তার পাশাপাশি আলোচনায় এসেছে কায়েস আহমদের ইনজুরির অভিনয়ের অভিযোগ। সময় নষ্ট করতে তার মাঠে শুয়ে পড়ার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেরও চোখ এড়ায়নি; ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররা এটিকে ‘কায়েসের ভান’ বলে ইঙ্গিত করেন।
সেদিকউল্লাহ ৩৩২ বলে ১১১ রান করে ফিরলেও বাংলাদেশের হাতে তখন ২৩ ওভার বাকি ছিল। ৭ উইকেট হারানো আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও ১৯৮ রান। অটলের বিদায়ের পর ক্রিজে থাকা কায়েস আহমদ ১০ মিনিট টিকে থাকলেই ম্যাচ ড্র হবে—এমন পরিস্থিতিতে ইনজুরির কথা জানান। বলা হচ্ছিল, তার বাম হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।
একপর্যায়ে উঠে দাঁড়িয়ে পা সোজা রেখে খুঁড়িয়ে হাঁটেন কায়েস। এতে বাংলাদেশের খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেন। ঘটনাটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গুলবাদিন নাইবের ক্র্যাম্পের কথা বলে সময়ক্ষেপণের বিতর্কের কথাও মনে করিয়ে দেয়। পরে নাইব বিষয়টি স্বীকার করেছিলেন।
আফগানিস্তানের ধারাভাষ্যকার আহমেদ ফরহাদ ফিদাই কায়েসের ঘটনাকে নাইবের ঘটনার সঙ্গে তুলনা করেন। প্রায় পাঁচ মিনিট পর ব্যাটিংয়ে ফেরেন কায়েস। ৭ রানে থাকাকালে রানআউটের সুযোগ পেলেও বাংলাদেশ তা কাজে লাগাতে পারেনি। পরে ৮০ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন তিনি।
শেষ ওভারে তাইজুল ইসলামকে পরপর ছক্কা হাঁকান কায়েস। সাইডলাইনে বসে তা উপভোগ করেন স্কোয়াডে না থাকা রশিদ খান। ধারাভাষ্যকার দেবেন্দ্র কুমার এটিকে আফগানিস্তান ক্রিকেটের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ ৪৭৯ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করেছিল। চতুর্থ দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। পঞ্চম দিন শেষে ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান করে ম্যাচ ড্র করে রহমত শাহর দল।

