Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পৌরাণিক কাহিনি ও বৈচিত্র্যময় থিমে সাজছে রাজবাড়ীর ৪৬১ পূজামণ্ডপ

পৌরাণিক কাহিনি ও বৈচিত্র্যময় থিমে সাজছে রাজবাড়ীর ৪৬১ পূজামণ্ডপ

অনলাইন ডেস্ক: রাজবাড়ীতে এ বছর ৪৬১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ২১টি বেশি। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পৌরাণিক কাহিনি ও বৈচিত্র্যময় থিমে সাজানো হচ্ছে পূজামণ্ডপগুলো।

জেলার অনেক মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। কোথাও চলছে রং-তুলির শেষ আঁচড়, আবার কোথাও মণ্ডপসজ্জায় ব্যস্ত কারিগরেরা। প্রতিমার পাশাপাশি দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও তৈরি করা হচ্ছে। প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ রয়েছে শেষ পর্যায়ে।

বিভিন্ন মণ্ডপে এবার থাকছে নানা ধরনের আয়োজন। কোথাও দেবী দুর্গার সঙ্গে রামের অকালবোধনের চিত্র তুলে ধরা হচ্ছে, আবার কোনো কোনো মন্দিরে করা হচ্ছে থিমভিত্তিক পূজা। রাজবাড়ী শহরের ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজার পাশাপাশি শ্রীরামের অকালবোধন, রাম-রাবণের যুদ্ধ ও রাবণ বধের থিম শো প্রদর্শনের কথা জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস রাহুল।

তিনি বলেন, ৫২ খণ্ডের প্রতিমায় আদি যোগী, শিব ও শ্রীকৃষ্ণের জন্মসহ বিভিন্ন পৌরাণিক কাহিনি তুলে ধরা হবে। সনাতন ধর্মের ইতিহাস ও পৌরাণিক কাহিনি সম্পর্কে মানুষকে জানানোই এ আয়োজনের উদ্দেশ্য।

পূজাকে কেন্দ্র করে আলোকসজ্জা, বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তার প্রস্তুতিও চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মন্দিরগুলোতে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা হচ্ছে। অনেক মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় পৌরসভাসহ ১১৮টি, গোয়ালন্দ উপজেলায় পৌরসভাসহ ২৬টি, বালিয়াকান্দিতে ১৫৮টি, পাংশায় পৌরসভাসহ ১০৪টি এবং কালুখালীতে ৫৫টি মণ্ডপে পূজা হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তাঁরা সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার, এসআরবি, স্ট্রাইকিং ফোর্স ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। মণ্ডপের নিরাপত্তায় বাইক পার্টি, গোয়েন্দা সদস্য ও সাদাপোশাকের পুলিশ মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, এবার ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ। স্থানীয় স্বেচ্ছাসেবক ও পূজা কমিটির সদস্যদের সমন্বয়ে যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ অক্টোবর ষষ্ঠীপূজা দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram