অনলাইন ডেস্ক: মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো পাবনার সাঁথিয়া উপজেলার গ্রাম পুলিশের সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশে তিনি মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি নিজের ভুল স্বীকার করে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
রোববার (১১ অক্টোবর) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনার পর তাদের বিরোধের সমাধান করা হয়।
সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বাসিন্দা এবং নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য। এর আগে গত ৮ অক্টোবর মায়ের দায়িত্ব ও ভরণপোষণসংক্রান্ত পারিবারিক মামলার শুনানি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হয়। সেখানে ইউএনও তাকে মায়ের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেন। সাগর খরচ বহনের কথা বললেও মাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নেন। রোববার বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানকে সাগর ও তার মাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ওসি নিজের গাড়িতে করে তাদের আদালতে নিয়ে যান।
শুনানিতে আদালত মা ও ছেলের বক্তব্য শোনেন এবং বিরোধ সমাধানের উদ্যোগ নেন। এরপর সাগর মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে সম্মতি জানান। তিনি আদালতকে জানান, ভবিষ্যতে মায়ের সঙ্গে এমন আচরণ করবেন না এবং তাকে নিজের কাছে রেখে দেখাশোনা করবেন।
ছেলের কাছে থাকতে পারার আনন্দ প্রকাশ করে মুন্নি খাতুন বলেন, ছেলে নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তিনি ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছেলের কাছেই থাকতে চান বলেও জানান।
সাগর হোসেন বলেন, আদালতে গিয়ে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আগে বলা অনেক কথা আবেগের বশে বলা হয়েছিল জানিয়ে তিনি অনুতপ্ত হওয়ার কথা বলেন। এখন থেকে মাকে সঙ্গে নিয়ে তার দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব পালন করতে চান বলেও জানান।
সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান জানান, বৃদ্ধা মা ও ছেলেকে একসঙ্গে তাদের বাড়িতে দিয়ে আসা হয়েছে। এরপরও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

