অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইকবাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ভিসা ও বিমানের টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে।
জাল কাগজপত্র নিয়ে বিমানবন্দরে যাওয়ার পর প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এরপর টাকা ফেরত চাইলে ভুক্তভোগীর পরিবারকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গত ৮ অক্টোবর সোনারগাঁ থানায় ভুক্তভোগীর ছেলে রিফাত হোসেন (২৭) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগটি দেন।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী মো. কবির হোসেন (৪৫), সুমি আক্তার (৩৭), জুলেখা আক্তার (৭১) ও মো. জাহাঙ্গীর (৪০) ইকবাল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে কবির হোসেন ভিসা, বিমানের টিকিট ও আনুষঙ্গিক কাগজপত্র দেন।
ইকবাল হোসেন বিমানবন্দরে গেলে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বা ভুয়া বলে শনাক্ত করেন। এরপর তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
অভিযোগে আরও বলা হয়, ভুয়া ভিসার বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং পরিবারকে হুমকি দেন। স্থানীয়ভাবে সালিশ-বৈঠকে কবির হোসেন টাকা দিতে না পারলে জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১ ফেব্রুয়ারি বাদীর বাড়িতে গেলে কবির হোসেন তাদের তাড়িয়ে দিয়ে হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। সর্বশেষ ১০ সেপ্টেম্বর অন্যদের কাছে বিচার চাইলে তারাও টাকা ফেরত দিতে অস্বীকৃতি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানানো হয়। বর্তমানে কবির হোসেন আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর ছেলে রিফাত হোসেনের দাবি, অভিযুক্তরা একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য এবং এলাকায় আরও কয়েকজনের সঙ্গে একই ধরনের প্রতারণা করেছেন। টাকা উদ্ধারের ও আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

