Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চেহারা-কণ্ঠ নকল করে ‘আপত্তিকর’ ভিডিও, ঝুঁকিতে শোবিজ তারকারা

চেহারা-কণ্ঠ নকল করে ‘আপত্তিকর’ ভিডিও, ঝুঁকিতে শোবিজ তারকারা

অনলাইন ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে মুঠোফোনে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করতে গিয়ে যদি কেউ নিজের ছবি ও কণ্ঠ ব্যবহার করা এমন ভিডিও দেখেন, যেখানে তিনি কখনো না-বলা কথা বলছেন বা কখনো না-গাওয়া গানে কণ্ঠ দিয়েছেন—তাহলে পরিস্থিতি কেমন হতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারে এমন ঝুঁকিতেই পড়ছেন শোবিজ তারকারা।

তারকাদের ছবি ও কণ্ঠ ক্লোন করে অশালীন গান ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে শিল্পীরা মানসিক চাপ ও অনলাইন হেনস্তার মুখে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কনটেন্টে অভিনেত্রী সাবিলা নূর, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কণ্ঠ ও ছবি ব্যবহার করা হয়েছে। একই প্রযুক্তির অপব্যবহারে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খানও।

কিছু ভিডিওতে মেহজাবীন, সাবিলা, সালমান ও জেফারের কণ্ঠ ব্যবহার করে আপত্তিকর বাক্যযুক্ত গান তৈরি করা হয়েছে। এসব ভিডিও বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ায় তারকাদের নিয়ে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তাসরিফ খানের একটি কনসার্টের ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামে একটি গান ছড়িয়েছে। তাসরিফ জানিয়েছেন, ফেসবুকে রিপোর্ট করেও গানটি সরানো যায়নি। অনেকেই এটিকে তাঁর গান মনে করছেন এবং বিষয়টি কেন্দ্র করে তাঁকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি তাঁর। এ ঘটনায় আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তাসরিফের ভাষ্য, গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় প্রথমে কে বা কারা এটি আপলোড করেছেন, তা শনাক্ত করা কঠিন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন। যে কনসার্টের ভিডিও ব্যবহার করা হয়েছে, সেটি ঠাকুরগাঁওয়ে হয়েছিল বলেও জানান তিনি।

অভিনেত্রী সাবিলা নূর বলেন, এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও নিয়ে তিনি ও তাঁর অনেক সহকর্মী মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড অপরাধের শামিল এবং তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জেফার রহমান বলেন, এসব যারা বানাচ্ছেন, তাঁদের কাজই এগুলো বানানো; তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলোতে তানজিম নূর ও সোহাগ সিদ্দিকীর নাম উঠে এসেছে। তানজিম নিজেকে মিউজিক প্রযোজক ও র‍্যাপার এবং সোহাগ যুক্তরাজ্যপ্রবাসী র‍্যাপার ও সংগীতশিল্পী হিসেবে পরিচয় দেন। তাঁদের ‘আমার নেতা’ গানটি চলতি বছরের জানুয়ারিতে তানজ প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। পরে ওই গানে কয়েকজন তারকার কণ্ঠ ক্লোন করে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ে।

ঢাকা পোস্টের বিশ্লেষণে ভিডিওগুলোতে ঠোঁটের নড়াচড়া ও কণ্ঠস্বরের অসংগতি, মুখমণ্ডলের চারপাশে আলো-ছায়ার অস্বাভাবিকতা এবং মাথা-ঘাড়ের নড়াচড়ায় অসামঞ্জস্য পাওয়া গেছে। তাসরিফের গানটির অডিও পরীক্ষা করেও এআই-নির্ভর কণ্ঠ ক্লোনিংয়ের ইঙ্গিত পাওয়া গেছে।

আইনি পদক্ষেপের সুযোগ

বাংলাদেশ সাইবার পুলিশ সেন্টারের মিডিয়া সেলের শাফি উল্লাহ বলেন, অনুমতি ছাড়া কারও কণ্ঠ, ছবি বা ভিডিও ক্লোন করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার করা অপরাধ। ভুক্তভোগী নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা মামলা করতে পারেন। স্থানীয় থানা তদন্তে অক্ষম হলে বিষয়টি সিআইডিসহ পুলিশের বিশেষায়িত সাইবার বিভাগে পাঠানো হতে পারে।

গবেষক ও ফ্যাক্টচেকার মিরাজ হোসেনের মতে, ডিপফেক শনাক্তে অসংগতি খুঁজে দেখা, উৎস যাচাই করা এবং সন্দেহজনক কনটেন্ট শেয়ার না করা জরুরি। ভুক্তভোগীদের আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো, নিজের আইডিতে কনটেন্টটি ভুয়া বলে উল্লেখ করা এবং প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণের পরামর্শ দেন তিনি।

ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট মো. রিয়াজুর রহমান রায়হান বলেন, এ ধরনের কনটেন্ট ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিত্বের অধিকার ও সুনাম ক্ষুণ্ন করতে পারে। ঘটনার ধরন অনুযায়ী মানহানি, কপিরাইটসহ অন্যান্য আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য স্ক্রিনশট, লিংক ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণ করে থানায়, আদালতে, সিআইডির সাইবার পুলিশ সেন্টার বা বিটিআরসির সংশ্লিষ্ট ব্যবস্থায় অভিযোগ করা যেতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram