অনলাইন ডেস্ক: হিমাগারে রেখে পরে ভালো দামে আলু বিক্রির আশায় ছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। তবে সেই আশা পূরণ হচ্ছে না। হিমাগার ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর দাম পড়েছে ১৯ থেকে ২০ টাকা। অথচ বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা কেজি দরে। এতে কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।
কৃষক ও ব্যবসায়ীরা জানান, মৌসুমে মাঠ থেকে ১০ থেকে ১২ টাকা কেজি দরে আলু কেনাবেচা হয়েছে। পরে দাম বাড়ার আশায় অনেকে আলু হিমাগারে রাখেন। কিন্তু বর্তমানে বাজারে চাহিদা কম থাকায় প্রত্যাশিত দামে আলু বিক্রি করতে পারছেন না তারা। এতে হিমাগারে থাকা আলু নিয়ে লোকসানের শঙ্কা বাড়ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী এলাকার কৃষক আরমান হোসেন বলেন, মাঠে দাম কম থাকায় তিনি হিমাগারে আলু রেখেছিলেন। পরে দাম বাড়লে খরচ উঠে লাভ হবে বলে আশা করেছিলেন। কিন্তু খরচসহ প্রতি কেজি আলুর দাম ১৯ থেকে ২০ টাকা পড়লেও এখন তা ১৪ টাকা দরে বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি।
রানীশংকৈল উপজেলার কৃষক ও ব্যবসায়ী মো. ওহাব জানান, গত দুই-তিন মৌসুম ধরে আলু চাষ ও সংরক্ষণ করে তারা লোকসানের মুখে পড়েছেন। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পুঁজি হারিয়ে গেছে বলে জানান তিনি। আলুর দাম সামঞ্জস্য রাখতে সরকারের উদ্যোগ প্রয়োজন বলেও দাবি করেন তিনি।
সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী শামসুজ্জোহা বলেন, এ সময়ে হিমাগার থেকে প্রচুর আলু বাজারে আসার কথা থাকলেও চাহিদা কম থাকায় তা হচ্ছে না। তার দাবি, এখনো প্রায় দুই-তৃতীয়াংশ আলু হিমাগারে পড়ে আছে। দ্রুত বাজারজাত করা না গেলে লোকসান আরও বাড়বে।
ঠাকুরগাঁওয়ে আলুর আবাদ ও মজুত
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ৩০ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে।
জেলায় আলু সংরক্ষণের জন্য রয়েছে ১৯টি হিমাগার। এসব হিমাগারে বর্তমানে প্রায় ১ লাখ ৫ হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে। বাজারে চাহিদা কম থাকায় ধীরগতিতে আলু বের হচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
শাহী হিমাগারের ব্যবস্থাপক মো. আল আমিন বলেন, আলুর দাম কম থাকায় হিমাগার মালিকেরাও চিন্তিত। হিমাগার থেকে আলু বের না হলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
আলুর বাজারে মন্দার প্রভাব পড়েছে হিমাগারের শ্রমিকদের ওপরও। শ্রমিকেরা জানান, আলু ওঠানো ও নামানোর কাজ কমে যাওয়ায় তাদের আয় কমেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আলমগীর কবির বলেন, কৃষকেরা লাভের আশায় আলু হিমাগারে সংরক্ষণ করেছিলেন। বর্তমানে আগের তুলনায় দাম অনেক কম থাকায় তারা লোকসানের মুখে পড়েছেন।
কৃষক ও ব্যবসায়ীরা লোকসান কমাতে দ্রুত আলু বাজারজাতের পাশাপাশি রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এতে হিমাগারে থাকা আলু দ্রুত বিক্রির সুযোগ তৈরি হবে এবং ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।

